বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩

ঢোলের ছন্দ থেকে তবলা ও কীবোর্ডের সুরে

সংগীতভুবনে খোকন চন্দ্র দাসের ৩৫ বছরের পথচলা

কবির হোসেন মিজি
সংগীতভুবনে খোকন চন্দ্র দাসের ৩৫ বছরের পথচলা

সংগীতের জগতে কেউ কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেন, কেউবা বাদ্যযন্ত্রের সুর ও ছন্দে প্রাণ সঞ্চার করেন। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে তেমনই একজন সংগীতপ্রাণ মানুষ খোকন চন্দ্র দাস। গান গাওয়ার পাশাপাশি তবলা ও কীবোর্ড বাজানোতেই যার বিশেষ দক্ষতা ও স্বাচ্ছন্দ্য। দীর্ঘ সংগীতজীবনে তবলার বোল আর কীবোর্ডের সুরে তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে। মঞ্চে কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের সঙ্গে তবলার তাল মেলানো, আবার কীবোর্ডের সুরে সংগীতকে প্রাণবন্ত করে তোলাই তার বিশেষত্ব। প্রায় ৩৫ বছর ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত থেকে নীরবে সংস্কৃতি অঙ্গনে অবদান রেখে চলেছেন তিনি।

সংগীতের প্রতি তার ভালোবাসার সূচনা ছোটবেলা থেকেই। তবে সেই পথচলা শুরু হয়েছিল কণ্ঠসংগীত কিংবা আধুনিক কোনো বাদ্যযন্ত্র দিয়ে নয়; সেটি শুরু করেছেন ঢোলের ছন্দে। নিজের কাকা স্বর্গীয় শ্রীরাম চরণের হাত ধরে প্রথম ঢোল বাজানো শেখেন তিনি। এরপর সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিয়ে, পূজা-পার্বণ, ভজন-কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠানে ঢোল বাজাতে শুরু করেন। ঢোলের ছন্দের মধ্য দিয়েই ধীরে ধীরে বাদ্যযন্ত্রের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা তৈরি হয়। সেই আগ্রহ একসময় তাকে নিয়ে যায় সংগীতের আরও বিস্তৃত জগতে।

পরবর্তী সময়ে গান গাওয়ার প্রতিও আগ্রহী হয়ে ওঠেন খোকন চন্দ্র। এ সূত্রে চাঁদপুরের প্রয়াত সংগীতগুরু শীতল ঘোষালের সঙ্গে তার পরিচয় ও সাংস্কৃতিক সম্পৃক্ততা গড়ে ওঠে। শীতল ঘোষালের পরিচালনায় ললিতকলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি তবলা বাজানোর সুযোগ পান। সেখানে সংগীতের সঙ্গে তাল মেলাতে মেলাতেই তবলার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়। পাশাপাশি ক্লাস শেষে নিজে নিজে হারমোনিয়াম বাজানোর চেষ্টা করতেন। তার আগ্রহ দেখে শীতল ঘোষাল তাকে স্বরলিপি ও সা-রে-গা-মা শেখাতেন এবং হারমোনিয়াম বাজানোর বিভিন্ন বিষয় হাতে-কলমে দেখিয়ে দিতেন। এভাবেই ধীরে ধীরে হারমোনিয়াম বাজানোয় দক্ষতা অর্জন করেন তিনি।

তবলা শেখার ক্ষেত্রে তার বিশেষ প্রশিক্ষক ছিলেন পুরানবাজারের মনু ঘোষ। তার কাছেই নিয়মিত তবলার তালিম নিতেন খোকন চন্দ্র দাস। তবলার তাল, লয়, বোল ও ছন্দের চর্চা করতে করতেই বাদ্যযন্ত্রের প্রতি তার দক্ষতা বাড়তে থাকে।

পরবর্তী সময়ে হারমোনিয়াম বাজানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক বাদ্যযন্ত্র কীবোর্ড শেখার আগ্রহ তৈরি হয়। এ লক্ষ্যে চাঁদপুরের তরুণ মিউজিশিয়ান প্লাবনের কাছে দু মাস কীবোর্ডের তালিম গ্রহণ করেন। অল্প সময়ের সেই প্রশিক্ষণ এবং নিজের দীর্ঘদিনের সংগীতচর্চা তাকে কীবোর্ড বাজানোর ক্ষেত্রেও আত্মবিশ্বাসী করে তোলে।

তবে সব বাদ্যযন্ত্রের মধ্যে তবলাকেই নিজের প্রধান ও প্রিয় বাদ্যযন্ত্র হিসেবে মনে করেন খোকন চন্দ্র দাস। তার কাছে তবলা শুধু একটি বাদ্যযন্ত্র নয়, সেটি সংগীতের প্রাণের সঙ্গে মিশে থাকা এক বিশেষ অনুভূতি। কোনো গানের সঙ্গে সঠিক তাল ও লয়ের সমন্বয় ঘটাতে তবলাবাদকের যে মনোযোগ, ধৈর্য ও সংগীতবোধ প্রয়োজন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় তিনি সেই দক্ষতা অর্জনের চেষ্টা করে গেছেন। একইভাবে কীবোর্ডের মাধ্যমে গানের সুর ও সংগীতায়োজনে নিজের সৃজনশীলতা প্রকাশ করেন। তাই কণ্ঠশিল্পী হিসেবে গান পরিবেশনের চেয়ে তবলা ও কীবোর্ড বাজাতেই তাকে বেশি দেখা যায়।

ললিতকলাসহ চাঁদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত তবলা বাজাতে বাজাতেই একসময় গানের জগতেও নিজেকে সম্পৃক্ত করেন তিনি। জীবনের প্রথম উল্লেখযোগ্য সংগীত প্রতিযোগিতায় অংশ নেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে। পুরানবাজারে অনুষ্ঠিত ওই সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত পরিবেশন করে প্রথম স্থান অর্জন করেন। এ সাফল্য তার সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা জোগায়। এরপর থেকে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজনে ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করতে থাকেন।

সংগীতচর্চার ধারাবাহিকতায় একসময় দেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র বাজানোর সুযোগও তৈরি হয় তার। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী, গণসংগীতশিল্পী ফকির আলমগীর এবং নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফার গানের সাথেও তবলা বাজিয়েছেন তিনি। এসব অভিজ্ঞতা তার সংগীতজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন। বড় মাপের শিল্পীদের সঙ্গে একই মঞ্চে কিংবা তাদের সংগীত পরিবেশনায় তবলা বাজানোর সুযোগ তার বাদ্যযন্ত্রচর্চাকে আরও সমৃদ্ধ করেছে।

এ ছাড়া দেশের প্রখ্যাত গীতিকার কবির বকুল যখন গান শিখতেন, তখন ক্লাস শেষে প্রায়ই খোকন চন্দ্র দাসকে তার বাসায় নিয়ে যাওয়া হতো। সেখানে কবির বকুলের গানের সঙ্গে তবলা বাজাতেন তিনি। সংগীতের সঙ্গে নিবিড় এই সম্পৃক্ততা এবং বিভিন্ন গুণী শিল্পীর সান্নিধ্য তার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রয়েছে।

সংগীতের প্রতি ভালোবাসা শুধু নিজের চর্চার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি খোকন চন্দ্র দাস। নতুন প্রজন্মের মধ্যে সংগীতের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন ‘সুর সাধন’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। বর্তমানে সংগঠনটিতে প্রায় ১৫ জন সদস্য রয়েছেন। সংগঠনটির মাধ্যমে সংগীতচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নতুন শিল্পী তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এ ছাড়া কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকেও একটি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন খোকন চন্দ্র দাস। ২০১৭ সালে নিজের ব্যক্তিগত উদ্যোগে সুবীর নন্দী স্মরণে আয়োজন করেন একক সংগীত সন্ধ্যা। ওই অনুষ্ঠানে তিনি সুবীর নন্দীর গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। প্রিয় শিল্পীর গান নিজের কণ্ঠে তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ছিলো এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রাতিষ্ঠানিক সংগীতচর্চার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে তাল ও বাদ্যযন্ত্রের সহকারী প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সেখানে সংগীতের তাল-লয় ও বাদ্যযন্ত্রের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার কাজে ভূমিকা রেখেছেন। বর্তমানে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ব্যক্তিগতভাবে ছেলে-মেয়েদের তবলার তালিম দিচ্ছেন। পাশাপাশি গানও শেখাচ্ছেন। নতুন প্রজন্মের মধ্যে তবলার প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের সঠিক তালিমের মাধ্যমে সংগীতের সঙ্গে সম্পৃক্ত করাই তার এই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য।

তার সংগীতজীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিরবচ্ছিন্ন চর্চা, বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা এবং শেখার আগ্রহ। ঢোল বাজানোর মধ্য দিয়ে শুরু হওয়া যে পথচলা, তা আজ তবলা, হারমোনিয়াম, কীবোর্ড ও কণ্ঠসংগীতের বিস্তৃত পরিসরে এসে পৌঁছেছে। তবে এতো কিছুর মধ্যেও তবলার প্রতিই তার বিশেষ দুর্বলতা। তবলার বোল, লয় ও ছন্দের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক যেন সংগীতজীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে অনেক শিল্পী কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন, আবার অনেকে বাদ্যযন্ত্রের সুরে নিজেদের অবস্থান তৈরি করেছেন। খোকন চন্দ্র দাস তাদেরই একজন, যিনি প্রচারের চেয়ে সংগীতচর্চা এবং বাদ্যযন্ত্রের সাধনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। প্রায় সাড়ে তিন দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি এখনো তবলার ছন্দে এবং কীবোর্ডের সুরে নিজেকে ব্যস্ত রাখছেন। পাশাপাশি নতুন প্রজন্মকে তালিম দিয়ে সংগীতের এই ধারাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।

উল্লেখ্য, খোকন চন্দ্র দাসের জন্ম ১৯৭৫ সালের ১ অক্টোবর চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায়। তার পিতা মৃত মাইসুরিয়া দীন এবং মাতা মৃত সোহাগী রাণী। তার বেড়ে ওঠা স্বর্ণখোলা হরিজন কলোনিতে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তার সংসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়