প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪১
মেঘনা-পদ্মা-ডাকাতিয়ার ভাঙনে বিলীন ৭৬ বর্গকিলোমিটার, চর জেগেছে ৪৬ বর্গকিলোমিটার
নদীভাঙন ও চর জাগার হিসাব থাকলেও চাঁদপুরে নেই সমন্বিত ও হালনাগাদ পরিসংখ্যান

মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল চাঁদপুর। এই ত্রিনদীকে ঘিরেই চাঁদপুর জেলার জনপদ, ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের জীবনযাত্রার বিকাশ। কিন্তু সেই নদীই বছরের পর বছর ভাঙনের মাধ্যমে কেড়ে নিয়েছে বসতভিটা, ফসলি জমি, বাজার, স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। একসময় যে জনপদ ছিল নদীবন্দর ও বাণিজ্যের প্রাণকেন্দ্র, তার অনেক পরিচিত স্থান আজ নদীগর্ভে বিলীন। নদীভাঙনে ঠিক কত জমি হারিয়েছে চাঁদপুর, কতটুকু জমি আবার চর হিসেবে জেগেছে এবং জেলার কোন কোন এলাকায় ক্ষতির মাত্রা বেশি—এসব প্রশ্নের উত্তর খুঁজতে সরকারি পরিসংখ্যান, গবেষণা ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য বিশ্লেষণ জরুরি।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর ভিত্তি-সমীক্ষায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ১৯৭৩ থেকে ২০১২ সাল পর্যন্ত নিম্ন মেঘনা নদীর ভাঙনে চাঁদপুর জেলার ৭ হাজার ৬০৮ হেক্টর জমি বিলীন হয়েছে। বর্গকিলোমিটারে এর পরিমাণ দাঁড়ায় ৭৬ দশমিক ০৮। একই সময়ে নদীতে পলি জমে নতুন ভূমি জেগেছে ৪ হাজার ৪৬৩ হেক্টর বা ৪৪ দশমিক ৬৩ বর্গকিলোমিটার। অর্থাৎ ওই হিসাব অনুযায়ী, ভাঙন ও ভূমি সঞ্চয়ের ব্যবধান বিবেচনায় চাঁদপুরের নিট ভূমি কমেছে প্রায় ৩১ দশমিক ৪৫ বর্গকিলোমিটার।
অন্যদিকে, বাংলাদেশ বন অধিদপ্তরের জন্য সিইজিআইএসের প্রস্তুত করা ‘টেকনিক্যাল স্টাডি ফর ম্যাপিং অব পটেনশিয়াল গ্রিনবেল্ট জোন ইন দ্য কোস্টাল রিজিয়নস অব বাংলাদেশ’ শীর্ষক ২০১৬ সালের প্রতিবেদনে ১৯৭৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত চাঁদপুরে নদীভাঙনে ৭৬ বর্গকিলোমিটার ভূমি ক্ষয়ের হিসাব দেওয়া হয়েছে। একই সময়ে নতুন ভূমি সঞ্চয়ের পরিমাণ ৪৬ বর্গকিলোমিটার। অর্থাৎ এ সমীক্ষায় নিট ভূমি কমার পরিমাণ ৩০ বর্গকিলোমিটার। দুটি গবেষণার সময়সীমা ও বিশ্লেষণপদ্ধতি পুরোপুরি এক নয়। তবে উভয় হিসেবেই চাঁদপুরে কয়েক দশকে বিপুল পরিমাণ ভূমি ক্ষয়ের চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চাঁদপুর জেলা প্রতিবেদনে জেলার আয়তন ১ হাজার ৬৪৫ দশমিক ৩২ বর্গকিলোমিটার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, চাঁদপুর জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটের ‘এক নজরে চাঁদপুর’ পাতায় আয়তন ১ হাজার ৭৪০ দশমিক ৬ বর্গকিলোমিটার এবং একই ওয়েবসাইটের জেলার পটভূমি অংশে ১ হাজার ৭০৪ দশমিক ৬ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
সরকারি ওয়েবসাইটেই একই জেলার আয়তন নিয়ে এমন ভিন্ন ভিন্ন তথ্য থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জেলার প্রকৃত আয়তন কত এবং এসব তথ্য নিয়মিত যাচাই ও হালনাগাদ করা হচ্ছে কি না। শুধু আয়তন নয়, জেলার প্রকৃত স্থলভাগ ও জলভাগের পরিমাণ, নদ-নদী ও নৌপথের বিস্তৃতি, সড়ক যোগাযোগব্যবস্থার দৈর্ঘ্য, বেকারত্বের হার, শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা, কর্মসংস্থানের অবস্থা, প্রবাসীদের যাতায়াত ও সংশ্লিষ্ট বিভিন্ন পরিসংখ্যানসহ গুরুত্বপূর্ণ অনেক তথ্যের ক্ষেত্রেও প্রয়োজন নির্ভুল, হালনাগাদ ও সমন্বিত তথ্যভান্ডার।
চাঁদপুর জেলার সচেতন মহল মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবার এই যুগে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো নাগরিকদের জন্য উন্মুক্ত তথ্যভান্ডার ও অনলাইন ডেটা পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় পরিসংখ্যান সহজলভ্য করছে। বাংলাদেশেও এ ধরনের ডিজিটাল তথ্যসেবা সম্প্রসারিত হচ্ছে। কিন্তু চাঁদপুর জেলার ক্ষেত্রে প্রয়োজনীয় অনেক তথ্য এখনো সরকারি ওয়েবসাইটে সহজে খুঁজে পাওয়া যায় না, আবার কোথাও কোথাও পুরোনো ও পরস্পরবিরোধী তথ্য রয়ে গেছে। ফলে গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী, উদ্যোক্তা, উন্নয়নকর্মীসহ সাধারণ মানুষকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে বিড়ম্বনায় পড়তে হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, একটি জেলার পরিকল্পিত উন্নয়ন, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই। তাই চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে জেলার ইতিহাস, ভূপ্রকৃতি, আয়তন, জনসংখ্যা, শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা, প্রবাসী জনগোষ্ঠী ও আর্থসামাজিক অবস্থাসহ সব গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য যাচাই, হালনাগাদ ও সংরক্ষণ করা জরুরি। পাশাপাশি একটি সমন্বিত, নির্ভরযোগ্য ও নিয়মিত হালনাগাদযোগ্য ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন, যেখান থেকে যে কেউ সহজেই চাঁদপুর জেলার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের আরও কার্যকর, দায়িত্বশীল ও বাস্তবমুখী ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
বিবিএসের জেলা প্রতিবেদনে ১৯৯১ ও ২০০১ সালের জন্য চাঁদপুরের আয়তন ১ হাজার ৭০৪ দশমিক ০৬ বর্গকিলোমিটার এবং ২০১১ ও ২০২২ সালের জন্য ১ হাজার ৬৪৫ দশমিক ৩২ বর্গকিলোমিটার দেখানো হয়েছে। দুই হিসাবের ব্যবধান ৫৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার। তবে এই পার্থক্যকে সরাসরি নদীভাঙনে হারানো জমি বলা যাবে না বলে সূত্রে জানা যায়। জরিপপদ্ধতি, প্রশাসনিক সীমানা নির্ধারণ, মানচিত্র ও পরিমাপের পরিবর্তনও আয়তনের হিসাবে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অনেকেই।
জেলার মোট আয়তনের মধ্যে বর্তমানে কত বর্গকিলোমিটার স্থলভাগ এবং কত বর্গকিলোমিটার নদী বা জলভাগ—এমন হালনাগাদ, একীভূত ও উপজেলা-ভিত্তিক সরকারি হিসাব সহজলভ্য নয়। ফলে জেলার মোট আয়তন থেকে অনুমান করে স্থলভাগের পরিমাণ নির্ধারণ করা সমীচীন হবে না। উদাহরণ হিসেবে, হাইমচর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যে উপজেলার মোট আয়তন ১৩৪ দশমিক ১৬ বর্গকিলোমিটার এবং নদী এলাকার আয়তন ৭২ দশমিক ৯৯ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে। এই হিসাব অনুযায়ী সেখানে স্থলভাগের পরিমাণ প্রায় ৬১ দশমিক ১৭ বর্গকিলোমিটার। তবে জেলার অন্য সাত উপজেলার নদী ও স্থলভাগের পৃথক হিসাব একইভাবে পাওয়া যায়নি।
চাঁদপুরে নদীভাঙনের ইতিহাস স্বাধীনতার পর থেকে শুরু হয়নি। ২০১৭ সালে প্রকাশিত চাঁদপুরের নদীভাঙন ও পানি টার্মিনাল নিয়ে একটি গবেষণাপত্রে ১৯৬৬ সাল থেকে নদীতীরের পরিবর্তনের বিবরণ তুলে ধরা হয়েছে। গবেষণাটিতে ১৯৮৮ সালের জাতীয় কমিটির তথ্য উদ্ধৃত করে বলা হয়, ১৯৬৬ সালে পুরানবাজার এলাকায় ভাঙন দেখা দেয়। ১৯৭০ সালে পুরানবাজারের পাশাপাশি নতুনবাজার এলাকাও ভাঙনের ঝুঁকিতে পড়ে। ১৯৭১ সালে পুরানবাজারে ব্যাপক ভাঙন হয় এবং নতুনবাজারের কোড়ালিয়া তীরেও ভাঙনের ঘটনা ঘটে। ১৯৭২ সালেও পুরানবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় মেঘনা নদীর বাম তীরে প্রায় চার দশক ধরে ভাঙন চলছিল। ডাকাতিয়া নদীর দুই তীরও ভাঙনের শিকার হয়েছে। এর ফলে শহরের বহু মূল্যবান সম্পত্তি ও অবকাঠামো নদীগর্ভে বিলীন হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে চাঁদপুরের কোন্ উপজেলায় কত একর বা কত বর্গকিলোমিটার জমি নদীগর্ভে গেছে—এমন পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় পরিসংখ্যান পাওয়া যায়নি। সে সময়ের ভাঙনের ইতিহাস মূলত স্থানভিত্তিক বিবরণ, পুরোনো মানচিত্র, নদীর গতিপথের তথ্য ও গবেষণার মাধ্যমে জানা যায়। তাই স্বাধীনতার আগের মোট ভূমি ক্ষয়ের পরিমাণ নির্দিষ্ট করে বলা কঠিন।
এখানে নিট পরিবর্তন হিসাব করা হয়েছে নতুন ভূমি সঞ্চয় থেকে ভাঙনে ক্ষয় বাদ দিয়ে। এই তুলনায় চাঁদপুরে ভাঙনে ক্ষয় হওয়া জমির পরিমাণ ৭৬ বর্গকিলোমিটার। তালিকাভুক্ত ১৪ জেলার মধ্যে মোট ভাঙনের পরিমাণের হিসাবে চাঁদপুরের অবস্থান সপ্তম। তবে নিট ভূমি পরিবর্তনের হিসাবে জেলায় প্রায় ৩০ বর্গকিলোমিটার ভূমি কমেছে। এ পরিসংখ্যান পুরো বাংলাদেশের ৬৪ জেলার নয়; এটি প্রতিবেদনে অন্তর্ভুক্ত উপকূলীয় ১৪ জেলার তুলনামূলক হিসাব।
জেলা-ভিত্তিক হিসাব থাকলেও কোন্ উপজেলা কত জমি হারিয়েছে, তা নির্ধারণের জন্য আরও সূক্ষ্ম তথ্যের ঘাটতি থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে চাঁদপুর সদরের ওপর সাম্প্রতিক একটি গবেষণা গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট চিত্র, জিআইএস ও ডিএসএএস পদ্ধতি ব্যবহার করে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত চাঁদপুর সদরের নদীতীরের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফল অনুযায়ী, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত চাঁদপুর সদরে প্রায় ১৩ দশমিক ৩৩ বর্গকিলোমিটার জমি নদীভাঙনে ক্ষয় হয়েছে। একই সময়ে নতুন ভূমি সঞ্চয় হয়েছে প্রায় শূন্য দশমিক ৮৮ বর্গকিলোমিটার। ফলে নিট ভূমি ক্ষয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ দশমিক ৪৪ বর্গকিলোমিটার।
২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ভাঙনে ক্ষয় হয়েছে প্রায় ৪ দশমিক ২৯ বর্গকিলোমিটার এবং নতুন ভূমি সঞ্চয় হয়েছে শূন্য দশমিক ৪৩ বর্গকিলোমিটার। এ সময়ে নিট ভূমি ক্ষয় ছিল প্রায় ৩ দশমিক ৮৬ বর্গকিলোমিটার। তবে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে চিত্র কিছুটা বদলায়। এ সময়ে ভাঙনে ক্ষয় হয়েছে প্রায় শূন্য দশমিক ৪২১ বর্গকিলোমিটার, অন্যদিকে পলি জমে নতুন ভূমি তৈরি হয়েছে প্রায় শূন্য দশমিক ৬৬২ বর্গকিলোমিটার। ফলে ওই দশকে চাঁদপুর সদরে নিট ভূমি বেড়েছে প্রায় শূন্য দশমিক ২৪২ বর্গকিলোমিটার।
গবেষণাটি দেখিয়েছে, নদীভাঙন সব সময় একই হারে বা একই স্থানে ঘটে না। এক দশকে যে এলাকা ব্যাপক ভাঙনের শিকার হয়েছে, পরবর্তী দশকে সেখানে পলি জমে ভূমি তৈরির নজির রয়েছে। আবার অন্য এলাকায় নতুন করে ভাঙন শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গবেষণায় ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে বাখরপুর, আখনঘাট ও হরিণা এলাকায় উল্লেখযোগ্য ভাঙনের খোঁজ মিলে। পরবর্তী সময়ে সাখুয়া ও হরিণা এলাকাতেও ভাঙনের প্রবণতা দেখা গেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে কিছু এলাকায় ভাঙন কমার পাশাপাশি চর জেগে ওঠার প্রবণতাও ছিলো।
নদীভাঙনের ক্ষতি কেবল জমির পরিমাণ দিয়ে পরিমাপ করা যায় না। একটি পরিবারের বসতভিটা, ফসলি জমি, গাছপালা, পুকুর, ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় স্থাপনা নদীতে বিলীন হলে তার অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি দীর্ঘস্থায়ী হয়। অনেক পরিবারকে একাধিকবার বসতি পরিবর্তন করতে হয়। কৃষক হারান চাষের জমি, ব্যবসায়ী হারান দোকান বা ব্যবসার জায়গা, আর শ্রমজীবী মানুষ হারান জীবিকার পরিচিত ক্ষেত্র। আর এসব ঘটনার জ্বলন্ত সাক্ষী হাইমচর উপজেলার অনেক পরিবার।
২০২৫ সালের ২৬ মে প্রকাশিত ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর এক প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ দশকে চাঁদপুরের পুরান বাজার, রেলওয়ে স্টেশন, সরকারি স্থাপনা ও বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়েছে। একই প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ থেকে ২০১০ সাল পর্যন্ত নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ১৬৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করা হয়েছিল। তবে এসব উদ্যোগের অনেকগুলোই ছিলো অস্থায়ী এবং মেঘনার ভাঙন ঠেকাতে পর্যাপ্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চাঁদপুরের ভাঙনপ্রবণ এলাকার বিস্তৃতি নিয়েও উদ্বেগ রয়েছে। ইউএনবির ওই প্রতিবেদনে মতলব উত্তর থেকে চাঁদপুর সদর হয়ে হাইমচর পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার নদীতীরবর্তী এলাকাকে ভাঙনের ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে ক্ষতির প্রভাব শুধু শহরকেন্দ্রিক নয়; নদীতীরবর্তী গ্রাম, কৃষিজমি ও জনবসতিও এর আওতায় রয়েছে। জেলা শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৮২৭ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে ২০২৫ সালের মে মাসে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়। প্রকল্পটির আওতায় ১৯টি প্যাকেজে কাজ করার পরিকল্পনা ছিলো। প্রতিবেদনের সময় ১৫টি প্যাকেজে জিওব্যাগ ফেলার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিলো এবং কংক্রিটের ব্লক বসানোর কাজ চলছিলো। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরাঞ্চলের নদীতীর সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়ার আশা করা যায়।
তবে শহর রক্ষার প্রকল্পই পুরো জেলার ভাঙন সমস্যার সমাধান নয়। হাইমচর, মতলব উত্তরসহ নদীতীরবর্তী অন্যান্য এলাকার ঝুঁকি মোকাবিলায় আলাদা পরিকল্পনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ২০২৫ সালের মার্চে হাইমচরের কাটাখালী থেকে জালিয়ারচর পর্যন্ত নদীতীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তখন বাঁধের কিছু স্থানে কংক্রিট ব্লক সরে যাওয়া ও মাটি দেবে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। ২০২৬ সালের জুনে প্রকাশিত আরেক প্রতিবেদনে মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের বিভিন্ন স্থানে গর্ত ও ক্ষয়ের চিত্র উঠে আসে। প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ বাঁধটি ১৪টি ইউনিয়নের প্রায় ১২ হাজার ৯৯৫ হেক্টর কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁধের নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে কৃষিজমি, জনবসতি ও যোগাযোগব্যবস্থা নতুন ঝুঁকিতে পড়তে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের তালিকাতেও চাঁদপুর সদরে নদীতীর সংরক্ষণ এবং মতলব উত্তরে সেচ ও পানি ব্যবস্থাপনার প্রকল্প রয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জুলাইয়ে মেঘনা, ধনাগোদা ও অন্যান্য নদীতীরবর্তী এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় জিওব্যাগ সরবরাহ ও ফেলার জন্য একটি সরকারি ক্রয়চুক্তির খবর প্রচার হয়েছে। অর্থাৎ ভাঙন প্রতিরোধে প্রকল্প ও জরুরি কার্যক্রম চললেও বাঁধের স্থায়িত্ব, নিয়মিত তদারকি এবং ঝুঁকিপূর্ণ এলাকার অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাঁদপুর সদরের ওপর করা স্যাটেলাইটভিত্তিক গবেষণায় ২০২০ থেকে ২০৩০ সাল পর্যন্ত নদীতীরের পরিবর্তনের একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণায় ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ১ দশমিক ০৯২ বর্গকিলোমিটার ভূমি ক্ষয় এবং শূন্য দশমিক ১১৪ বর্গকিলোমিটার ভূমি সঞ্চয়ের পূর্বাভাস ছিল। অর্থাৎ নিট ভূমি ক্ষয়ের সম্ভাব্য পরিমাণ প্রায় শূন্য দশমিক ৯৭৮ বর্গকিলোমিটার। ২০২৫ থেকে ২০৩০ সালের জন্য গবেষণায় আরও প্রায় ১ দশমিক ১২৬ বর্গকিলোমিটার ভাঙন এবং শূন্য দশমিক ১২২ বর্গকিলোমিটার ভূমি সঞ্চয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে এগুলো গবেষণাভিত্তিক মডেলের পূর্বাভাস, নিশ্চিত ভবিষ্যৎ পরিসংখ্যান নয়। বাস্তবে নদীর গতিপথ, পানির প্রবাহ, পলি সঞ্চয়, চর সৃষ্টি, আবহাওয়া এবং নদীতীর সংরক্ষণ প্রকল্পের কার্যকারিতার ওপর ভূমি ক্ষয়ের পরিমাণ নির্ভর করবে। বিশেষ করে গবেষণাটি চাঁদপুর সদরের নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে করা হয়েছে; তাই এর ফল পুরো জেলার আট উপজেলায় সরাসরি প্রয়োগ করা যাবে না বলে গবেষণা থেকে জানা যায়।
নদীভাঙন প্রতিরোধে চলমান প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে শহর ও গুরুত্বপূর্ণ জনপদের ঝুঁকি কমতে পারে। কিন্তু প্রকল্পের কাজ শেষ করেই দায়িত্ব শেষ করা যাবে না। বাঁধের নিয়মিত পরিদর্শন, দুর্বল অংশে আগাম ব্যবস্থা, নদীর গতিপথ পর্যবেক্ষণ, জিওব্যাগ ও ব্লকের গুণগত মান নিশ্চিত করা এবং স্থানীয় মানুষের অভিযোগ দ্রুত আমলে নেওয়া প্রয়োজন। পাশাপাশি নদীতীরবর্তী এলাকায় পরিকল্পনাহীন স্থাপনা নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বসতি গড়ে ওঠা নিয়ন্ত্রণ করতে হবে বলে মনে করেন স্থানীয় জনসাধারণ।
চাঁদপুর প্রেস ক্লাব ও রোটারী ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, উপজেলা ও ইউনিয়নভিত্তিক ভাঙন, ভূমি সঞ্চয়, ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষয় হওয়া বসতি, কৃষিজমি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার তথ্য একত্রে প্রকাশ করা হলে ক্ষতির প্রকৃত আর্থিক ও সামাজিক চিত্র পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া বা নতুন জেগে ওঠা চরভূমির মালিকানা, বন্দোবস্ত ও ব্যবস্থাপনা নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। চাঁদপুরের নদী যেমন এ জনপদের জীবন ও অর্থনীতির ভিত্তি, তেমনি নদীভাঙনও এখানকার মানুষের দীর্ঘদিনের করুণ বাস্তবতা। গবেষণায় কয়েক দশকে ৭৬ বর্গকিলোমিটার ভূমি ক্ষয়ের যে চিত্র উঠে এসেছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। তবে এই ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব, উপজেলা-ভিত্তিক তথ্য এবং হারানো সম্পদের আর্থিক মূল্য নির্ধারণ ছাড়া সমস্যার প্রকৃত ব্যাপ্তি বোঝা প্রায়ই অসম্ভব। তাই নদীভাঙন প্রতিরোধের পাশাপাশি চাঁদপুরের হারানো ভূমি ও সম্পদের নির্ভরযোগ্য রাষ্ট্রীয় পরিসংখ্যান তৈরি করাও এখন সময়ের দাবি।








