প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৮
চাঁদপুরে ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা নিক্ষেপ, কম্পিউটারসহ মালামাল ক্ষতিগ্রস্ত

চাঁদপুর সদর উপজেলার ৫নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষের একটি কম্পিউটারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি।
|আরো খবর
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যরাতে দু ব্যক্তি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢুকে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায় এবং একটি কম্পিউটারসহ রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে দায়িত্বরত আনসার সদস্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় পরিষদ ভবন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন বলেন, দুর্বৃত্তরা তার কক্ষের জানালার কাচ ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একটি কম্পিউটারসহ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আনসার সদস্যের দ্রুত পদক্ষেপে বড় ক্ষতি এড়ানো গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, জনগুরুত্বপূর্ণ একটি সরকারি স্থাপনায় মধ্যরাতে হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।








