মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৩২

চাঁদপুর শহরের ফ্ল্যাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্ঘাটন, হত্যায় ব্যবহৃত ছুরি ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

অনলাইন জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা

১৬ বছরের নাতি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অনলাইন জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা

অনলাইন জুয়ায় আসক্তি, ঋণের বোঝা আর অর্থের লোভ—সবকিছুর নির্মম পরিণতি ঘটলো আপন নানির হত্যাকাণ্ডে। অনলাইন জুয়ার ঋণ পরিশোধের টাকা জোগাড় করতে পরিকল্পিতভাবে নিজের ৬৫ বছর বয়সী নানি লুৎফুন্নাহারকে হত্যা করেছে ১৬ বছর বয়সী এক কিশোর মো. সিয়াম প্রধানীয়া। চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি ও নিহতের লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন তিনি।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে ৬৫ বছর বয়সী বৃদ্ধা লুৎফুন্নাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার গ্রহণের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আওলাদ রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে শনাক্ত করেন। পরে গত ২২ নভেম্বর রোববার বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। অনলাইনে জুয়া খেলতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং আর্থিক সংকটে পড়ে। সেই ঋণের টাকা পরিশোধের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা থেকেই নিজের নানিকে হত্যার সিদ্ধান্ত নেয় বলে জিজ্ঞাসাবাদে জানায় সে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কৌশলে বাসায় প্রবেশ করে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ফেলে কিশোরটি। এরপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে। হত্যার পর নিহতের গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

পরবর্তী জিজ্ঞাসাবাদে কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের সাততলা ভবনের টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকায় কিশোরের বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের গলার স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অভিযুক্তকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

যেভাবে সামনে আসে হত্যাকাণ্ড

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুন্নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তারা ভবনের নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানান। এরপর নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে গিয়ে তাঁর হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়।

নিহত লুৎফুন্নাহারের একমাত্র ছেলে জাপানপ্রবাসী। মেয়েরাও স্বামীর বাড়িতে থাকায় তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। গ্রামে একা থাকতে ভয় পাওয়ায় ছেলেকে শহরে একটি বাসা ভাড়া করে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। সেই অনুরোধেই শহরের ফ্ল্যাটে বসবাস শুরু করেছিলেন বৃদ্ধা। কিন্তু যে শহরের বাসায় নিরাপদে থাকার কথা ছিল, সেই বাসাতেই আপন নাতির হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।

অনলাইন জুয়ার ঋণ পরিশোধের জন্য আপনজনের জীবন কেড়ে নেওয়ার এ ঘটনা চাঁদপুরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়