সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৯:১২

শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্নার (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সময় তাঁর শিশু সন্তানরা বাসায় ছিলো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামে। তাঁর বাবা নজরুল ইসলাম ও মা ফিরোজা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বড়োভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিলো। প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামে। সেখানে বসবাসকালে তিনি একটি লেডিস টেইলারিং প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ওই সংসারে তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। পরে সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিলো বলে পারিবারিক সূত্র জানায়।

পরে তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করেন। সর্বশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 'কলস' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক আটটার দিকে তাঁর শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান বলেন, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়