প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৭:৪৮
ফরিদগঞ্জে থানার মোড় থেকে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

ফরিদগঞ্জ থানার মোড় থেকে ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ওরফে মুন্না (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে ২০২৬) বিকেলে এই ঘটনা ঘটে। এ সময় জহির নামে আরেক যুবক পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
জানা গেছে, থানার মোড়ের আবু তাহেরের চায়ের দোকানে সিগারেট কেনার ছলে নাজমুল ওরফে মুন্না ও জহির নামে দু যুবক দাঁড়িয়েছিলো। থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত সেই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের চিনে ফেলে। এ সময় নাজমুলকে আটক করতে সমর্থ হলেও জহির নামে আরেক যুবক পালিয়ে যায়। নাজমুল পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।








