শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:২৫

রেলের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতে একজনকে আটক করেছেন রেলওয়ে পুলিশ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
রেলের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতে একজনকে আটক করেছেন রেলওয়ে পুলিশ

চাঁদপুর রেলওয়ের কোর্ট স্টেশন অফিস থেকে রেলের টিকেট বিক্রির সাড়ে ৭ লাখ টাকা অডিটে গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেয়ায় আলাউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৩ টায় চট্টগ্রাম থেকে আগত রেলের অডিট টিম চাঁদপুর রেলওয়ে থানা পুলিশের সহায়তা নিয়ে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে এসে অফিস কক্ষে অডিট কার্যক্রম শুরু করেন। এই অডিট টিমের নেতৃত্বে ছিলেন টিআইএ (লাকসাম) মঞ্জুরুল আহসান। এ সময় তিনি চলতি বছরের জানুয়ারি ২০২৫ তারিখ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকার হিসাবে গরমিল পান।

চাঁদপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার ইকবাল হোসেন জানান, কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্ম অফিস কক্ষে অডিট টিম হিসাব নিকাশে গরমিল পায়। প্রায় আড়াই মাসের হিসেবে ৭ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা ব্যাংকে জমা না দিয়ে নকল ছিলো বানিয়ে ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করে তার ব্যক্তিগত কাজে খরচ করে টিএলআর (অস্থায়ী) আলাউদ্দিন। এ সময় আটক টিএলআর (অস্থায়ী) আলাউদ্দিনের পিতা জানান, আমার ছেলে কোনো টাকা আত্মসাৎ করেনি। আমার ছেলে এখানে কাজ করে দেড় বছর ধরে। টাকা আত্মসাৎ করলে এখানে যে টিকেট মাস্টারের দায়িত্বে রয়েছে হাবিব সেই কর্মকর্তা আত্মসাৎ করেছে। এখন সে আমার ছেলের ওপর সব দোষ চাপিয়ে দিচ্ছে।

তিনি আরো বলেন, আমার ছেলে যদি অপরাধী হয় তার চেয়ে বড়ো অপরাধী স্টেশন মাস্টার হাবিব। এই টাকা ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব স্টেশন মাস্টারের। অথচ আমার ছেলেকে ফাঁসানোর জন্যে সব দায়ভার আমার ছেলের ওপর চাপিয়ে দিচ্ছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর বলেন, কোর্ট স্টেশন অফিস থেকে সরকারি টাকা অডিটে গরমিল পাওয়ায় ও ব্যাংকে জমা না দেয়ায় আমরা একজনকে আটক করেছি। স্টেশন মাস্টার হাবিবুর রহমান এ বিষয়ে একটি এজাহার দায়েরের প্রস্তুতি নিয়েছে। তারপরই আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে। কিন্তু জনমনে প্রশ্ন এই টাকার দায়ভার সম্পূর্ণ স্টেশন মাস্টার হাবিবুর রহমানের ওপর পড়ে, অথচ তাকে আটক না করে টিএলআর (অস্থায়ী) আলাউদ্দিনকে কেন আটক করা হলো। নিশ্চয়ই এখানে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। সূত্র : আমাদের সময়।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়