প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬
খাসজমি দখল ও চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

সরকারি খাসজমি দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাইল তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. ইসমাইল তালুকদারের বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে সরকারি খাসজমি দখল ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত চিঠি জারির দিন থেকেই কার্যকর হবে।
উক্ত চিঠির অনুলিপি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমের কাছে পাঠানো হয়েছে।








