প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২১:০৯
সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত হচ্ছেন ৮ শিক্ষার্থী

চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৮ শিক্ষার্থী।
|আরো খবর
শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমির মিলনায়তনে 'নদী ও ইলিশ' বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘নদী ও ইলিশ’। মেঘনা-পদ্মা-ডাকাতিয়া বিধৌত চাঁদপুরের নদী এবং জাতীয় মাছ ইলিশের সঙ্গে জেলার অর্থনীতি ও জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। খুদে শিল্পীরা রঙ-তুলির আঁচড়ে সেই গল্পই ফুটিয়ে তোলে ক্যানভাসে।
প্রতিযোগিতা দুটি বিভাগে সম্পন্ন হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিকেল ৩টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করেন। এরপর চলে অঙ্কন প্রতিযোগিতা। দুটি বিভাগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশ নিয়ে ক-বিভাগে বিজয়ী হয় চাঁদপুর মিশন প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. তালহা খান, বিক্রম আদিত্য দাস,
ও মেহজাবীন চৌধুরী, হাসান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যাওয়াতা জারিন সুবহা, ৫৫ নং শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরশি নূর;
খ-বিভাগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মুহতাদী শাফী, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পৃথ্বিরাজ পাল।
অনুষ্ঠানে সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, সদস্য নুরে আলম পাটোয়ারী, আরিফুল ইসলাম শান্ত, লিটন ভূঁইয়া, রাজীব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক এ.আর. ইসলাম বাবু বলেন, "সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। নতুন প্রজন্মের মধ্যে চাঁদপুরের নদী ও ইলিশের ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।"
সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু জানান, আগামী ১১ জুলাই বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। বিজয়ী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে তিনি আহ্বান জানান।








