প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৯:৩৯
সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্ধ করতে ব্যবসায়ীদের প্রতি চাঁদপুর চেম্বারের অনুরোধ

।। বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁদপুরের সব দোকানপাট ও শপিং মল প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। সকল ব্যবসায়ীকে এই নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্যে পুনরায় বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এ ব্যাপারে ব্যবসায়ীদের অবগত করে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে শহরে ব্যাপক মাইকিং করা হয়েছে। এর আগেও এ বিষয়ে মাইকিং করা হয়েছিলো।
চাঁদপুর চেম্বারের এক জরুরি বিজ্ঞপ্তিতে সর্বস্তরের ব্যবসায়ীদের জানানো হয় যে, সন্ধ্যা ৭টায় সকল দোকানপাট বন্ধ করার জন্যে ইতোমধ্যে সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সে মতে চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ হতে মাইকিংয়ের মাধ্যমে সম্মানিত ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। কিছু কিছু ব্যবসায়ী সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭টার পরেও দোকানপাট খোলা রাখছেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করার জন্যে ব্যবসায়ীদের পুনরায় অনুরোধ জানানো যাচ্ছে। অনুরোধ জানিয়েছেন চেম্বারের
সভাপতি সুভাষ চন্দ্র রায়।উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে জরুরি পরিষেবা ব্যতীত অন্য সকল দোকান, শপিং মল, বিলবোর্ড, চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের পরিপত্র জারি করা হয়েছে।
চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ জানান, বিদ্যুৎ সাশ্রয়ের জন্যে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেটার আলোকে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে অনুরোধ জানানো যাচ্ছে যে, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকারি নির্দেশনা মেনে চলুন।








