প্রকাশ : ০৩ মে ২০২৬, ২১:৩৪
চাঁদপুর শহরে হেলে পড়ায় জনমনে আতঙ্ক।। উভয় বাড়ি খালি করার নির্দেশ পৌরসভার

চাঁদপুর শহরে ভবন
|আরো খবর
চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে চাঁদপুর পৌরসভা ঝুঁকিপূর্ণ দুটি ভবনই খালি করার নির্দেশ দিয়েছে।
রোববার (৩ মে ২০২৬) দুপুরে খবর পেয়ে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দেয়া হয়। একই সঙ্গে ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
জানা গেছে, পালপাড়া এলাকার মো. শাহ আলম ঢালীর চারতলা ভবনের পাশেই রয়েছে মো. শাহজাহানের চারতলা ভবন। সম্প্রতি শাহজাহানের ভবনটি কিছুটা হেলে শাহ আলমের ভবনের দিকে ঝুঁকে পড়ে। এতে শুধু ভবন দুটির বাসিন্দারাই নন, আশপাশের লোকজনও আতঙ্কের মধ্যে রয়েছেন।
ভবন মালিক মো. শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে তিনি পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী চারতলা ভবন নির্মাণ করেন। কিন্তু পাশের ভবনটি তার ভবনের দিকে হেলে পড়ার কারণে তার ভবনের সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে সংযুক্ত হয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি আগে থেকেই শঙ্কিত ছিলেন এবং এ ব্যাপারে চাঁদপুর পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন।
অপর ভবনের মালিক মো. শাহজাহান জানান, ২০১৫ সালে তিনি ভবনটি নির্মাণ করেন। কী কারণে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, পৌরসভার নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকায় নির্মাণকাজ যথাযথভাবে তদারকি করা সম্ভব হয়নি।
চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, প্রাথমিক পরিদর্শনে ধারণা করা হচ্ছে নির্মাণজনিত ত্রুটির কারণে একটি ভবন কিছুটা হেলে পড়েছে। এতে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সতর্কীকরণ নোটিস টানানো হয়েছে এবং বাসিন্দাদের ভবন ত্যাগের পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি বিস্তারিত তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার বাসিন্দা রাসেল ও মারুফ জানান, ভবন দুটির বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভবন দুটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় মালিক ও ভাড়াটিয়াদের দ্রুত ভবন ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে।







