প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২২:০৫
ঘোষের হাটে এমপির পক্ষে ফুটবল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তাঁর পক্ষ থেকে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
|আরো খবর
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্যে নীরব ঘাতক। একটি প্রজন্মকে ধ্বংস করতে মাদকের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। তাই যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, যুবকদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ অনেকাংশে কমে আসবে। এ লক্ষ্যে ঘোষের হাট এলাকায় একটি ‘মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। টুর্নামেন্টে বিভিন্ন ওয়ার্ডের যুবকদের অংশগ্রহণের সুযোগ থাকবে এবং খেলাধুলার মাধ্যমে ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এই স্লোগানকে ছড়িয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. শামীম হোসেন মিজি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মিলন মিজি, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম তালুকদার, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজির হাজী এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের হাতে বই ও খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে, মাদক নয়। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ক্যাপশন: শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির পক্ষে ঘোষের হাটে ফুটবল বিতরণ করছেন আবু তাহের খোকন।








