প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:০৩
চাঁদপুরে নানা আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৪টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার বলেন, "স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর দলীয় কর্মসূচি পালনের সুযোগ ছিল না, তখন গণঅধিকার পরিষদ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজপথ সচল রেখেছিল। গণঅধিকার পরিষদ মানুষকে প্রতিবাদ করা, ন্যায়বিচারের কথা বলা এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছে।"
তিনি আরও বলেন, "গণঅধিকার পরিষদের প্রতিটি সদস্য দেশপ্রেমের প্রতিচ্ছবি। বাংলাদেশে কেউ যদি প্রকৃত দেশপ্রেমিকদের দেখতে চায়, তবে আমি তাদের গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দিকে তাকানোর আহ্বান জানাই। কারণ, আজও তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং আলোর মশাল জ্বেলে দেশ ও জাতিকে পথ দেখাচ্ছেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মর্তুজা মাহবুব ও ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন— জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসান মিজি ও ওমর সালমান; যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক আল আমিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার সভাপতি আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা নিশান, যুবনেতা সালাউদ্দিন; ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সিনিয়র সহ-সভাপতি পারভেজ আহমেদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি নীরব আহমেদ, কচুয়া উপজেলা সভাপতি আবু সাইদ, মতলব পৌরসভা সভাপতি সাদ সরকার এবং তোলারাম কলেজ সভাপতি মো. নিলয়।
অনুষ্ঠানের শুরুতে গণঅধিকার পরিষদে নতুন যোগদানকারী ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। আলোচনা সভাশেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।








