প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫
সংস্কৃতি অঙ্গনে গান, অভিনয় ও সংগীত প্রশিক্ষণে মৃনাল সরকারের কয়েক দশকের পথচলা
চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের প্রয়াত শিল্পীদের স্মৃতি সংরক্ষণ জরুরি। মোবাইল ছেড়ে পড়াশোনা ও সংস্কৃতিচর্চায় যুক্ত থাকুক নতুন প্রজন্ম। সংগীত ও নাটকের সংকট নেই, সংকট রয়েছে মতের মিলের।

চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে যাঁরা দীর্ঘদিন ধরে সংগীত, আবৃত্তি ও নাট্যচর্চার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখে নতুন প্রজন্মকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্যে কণ্ঠশিল্পী মৃনাল সরকার একজন পরিচিত মুখ। শিল্পের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও দীর্ঘদিনের চর্চার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন কণ্ঠশিল্পী, নাট্যকর্মী ও সংগীত প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু নিজের শিল্পীসত্তার বিকাশ নয়, নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়াকেও তিনি জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর জন্ম হলেও বাবার সরকারি চাকরির সুবাদে মাত্র দু বছর বয়স থেকে চাঁদপুরেই তাঁর বেড়ে ওঠা। শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছিলো তাঁর গভীর আগ্রহ। ছোট বোনের গানচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে সংস্কৃতির জগতে তাঁর প্রবেশ। প্রথমে সাওনিক আবৃত্তি গোষ্ঠীতে আবৃত্তির প্রশিক্ষণ গ্রহণ, পরে সংগীত নিকেতনে সংগীতচর্চা এবং ১৯৮৯ সালে অনন্যা নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর সাংস্কৃতিক পথচলা আরও বিস্তৃত হয়। দীর্ঘদিনের এই পথচলায় তিনি সংগীত ও অভিনয়ের পাশাপাশি আবৃত্তিচর্চাতেও রেখেছেন সাফল্যের স্বাক্ষর।
সংগীতশিল্পী হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অর্জন করেছেন বেশ কিছু সম্মাননা। ২০১৬ সালে কলকাতার দীপ্তি দেব ফাউন্ডেশন আয়োজিত সারা বাংলা লোকসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন তাঁর উল্লেখযোগ্য সাফল্যের একটি। রয়েছে মৌলিক গানের একক অ্যালবামও। বাংলাদেশ টেলিভিশন, একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় সংগীত পরিবেশনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বর্তমানে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরে সংগীত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী সংগীতের তালিম নিচ্ছে এবং জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করছে।
মৃনাল সরকারের ভাবনায় শিল্প-সংস্কৃতির চর্চা কেবল ব্যক্তিগত প্রতিভা বিকাশের বিষয় নয়, এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও পরবর্তী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে শিল্পীদের মধ্যে মতের ভিন্নতা ভুলে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি অতীতের প্রয়াত ও হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতি সংরক্ষণে জেলা শিল্পকলা একাডেমিতে একটি আর্কাইভ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
শৈশবের সাংস্কৃতিক অনুরাগ থেকে শুরু করে দীর্ঘ কয়েক দশকের শিল্পীজীবন, অর্জন, শিক্ষকতা, নাট্যচর্চা এবং নতুন প্রজন্মকে নিয়ে তাঁর স্বপ্ন ও ভাবনার নানা দিক উঠে এসেছে এক আলাপচারিতায়। দৈনিক চাঁদপুর কণ্ঠের পাক্ষিক আয়োজন ‘সংস্কৃতি অঙ্গন’-এর পক্ষ থেকে সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক মৃনাল সরকারের সঙ্গে তাঁর সাংস্কৃতিক জীবন, পথচলা, অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। পাঠকদের জন্যে সেই সাক্ষাৎকারটি নিচে হুবহু তুলে ধরা হলো।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : আপনার জন্ম, শৈশব, পারিবারিক পরিচিতি ও শিক্ষাজীবন সম্পর্কে জানতে চাই।
মৃনাল সরকার : মূলত আমার জন্ম বাবার সরকারি চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়ায়। আমার যখন দুবছর বয়স, তখন বাবা চাঁদপুরে বদলি হয়ে আসেন। তারপর থেকেই আমরা চাঁদপুরের স্থায়ী বাসিন্দা। আমাদের গ্রামের বাড়ি কানুদী, বিষ্ণুপুর ইউনিয়ন। আমরা পাঁচ ভাই-বোন। আমার মা আমাদের ছোট রেখেই মারা যান। আমি পরিবারের তৃতীয় সন্তান। শিক্ষাজীবনে বিএ/বিএসএস পাস করি এবং এলএলবি পাস করেছি। শিক্ষানবিশ আইনজীবী হিসেবে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে রয়েছি।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : ছোটবেলা থেকেই কি গান ও অভিনয়ের প্রতি আগ্রহ ছিলো? সংস্কৃতি অঙ্গনে আপনার পথচলা কীভাবে শুরু হয়?
মৃনাল সরকার : হ্যাঁ, ছোটবেলা থেকেই। আমি প্রথমেই সাওনিক আবৃত্তি গোষ্ঠীতে প্রশিক্ষণ গ্রহণ করি এবং যুক্ত হই। তারপরই চাঁদপুর সংগীত নিকেতনে সংগীত বিভাগে ভর্তি হই। ১৯৮৯ সালে যুক্ত হই অনন্যা নাট্যগোষ্ঠীতে। বর্তমানে অনন্যার সহ-সভাপতি হিসেবে যুক্ত রয়েছি। জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরের সংগীত প্রশিক্ষক হিসেবে রয়েছি। আমার ছোট বোন গান করতো, সেই থেকে সংস্কৃতির সঙ্গে যুক্ত হই। শিক্ষাজীবনে রোভার স্কাউটসে ছিলাম, রেডক্রিসেন্ট করেছি। সংস্কৃতিকে ধারণ করেই এই জগতে প্রবেশ করেছি।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : সংগীতের হাতেখড়ি কার কাছে এবং কতো বছর বয়সে? আপনার প্রথম মঞ্চে গান পরিবেশনের অভিজ্ঞতা কেমন ছিলো?
মৃনাল সরকার : সংগীতের হাতেখড়ি শ্রদ্ধেয় দিলীপ দাসের নিকট। স্কুলজীবনেই নিজে থেকেই সংগীত নিকেতনে ভর্তি হই। মঞ্চে প্রথম গান করি ১৪০০ বাংলা সনে তৎকালীন টাউন হলে, সংগীত নিকেতনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে। এরপর শ্রদ্ধেয় শরীফ চৌধুরীর হাত ধরে খেলাঘর আসরে কাজ শুরু করি। শরীফ ভাই আমাকে মৈশাদী সপ্তর্ষি খেলাঘর আসরে নিয়ে যেতেন, সেই সুবাদে দীর্ঘদিন কাজ করেছি। পরবর্তীতে বিচিত্রা দিদি এবং রুমা দিদি খেলাঘরে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার হাতে হারমোনিয়াম তুলে দেন। তখন থেকে অদ্য পর্যন্ত খেলাঘরের সঙ্গে যুক্ত রয়েছি।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : কণ্ঠশিল্পী হিসেবে আপনার সংগীতজীবনের উল্লেখযোগ্য অর্জন, পুরস্কার, সম্মাননা কিংবা স্মরণীয় অভিজ্ঞতা কী কী?
মৃনাল সরকার : সংগীতজীবনে অসংখ্য অর্জন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—আমি নজরুলের জাতীয় উৎসবে ‘বলো বীর’ কবিতাটি আবৃত্তি করে প্রথম হয়েছি। এছাড়া রেড ক্রিসেন্টের বিভাগীয় পর্যায়ের সংগীতে শ্রেষ্ঠ দলনেতা হয়েছি। ২০১৬ সালে কলকাতায় দীপ্তি দেব ফাউন্ডেশনের সারা বাংলা লোকসংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছি এবং আধুনিক গানে তৃতীয় স্থান অর্জন করেছি। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, একুশে টিভি ও এটিএন বাংলায় সংগীত পরিবেশন করেছি।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : কোন্ ধরনের গান গাইতে আপনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? নিজের মৌলিক গান, অ্যালবাম কিংবা প্রকাশিত কোনো গান রয়েছে কি?
মৃনাল সরকার : আধুনিক গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ২০০৭ সালে আমার নিজের একক অ্যালবাম প্রকাশিত হয়, যার সব গানই ছিলো মৌলিক। শ্রদ্ধেয় প্রণব ঘোষের সুর ও সংগীতে সাউন্ড টেকের ব্যানারে ‘এ আমার অনুরোধ’ শিরোনামে অ্যালবামখানি বাজারজাত করা হয়।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : গান ও অভিনয়—এই দুয়ের মাধ্যমে নিজেকে যুক্ত রাখার পেছনে আপনার অনুপ্রেরণা কী? কোন্ মাধ্যমটি আপনাকে বেশি আনন্দ দেয়?
মৃণাল সরকার : আমার অনুপ্রেরণা নয়, এটা হলো গান শেখার আগে অবশ্যই একজন সংগীতশিল্পীর উচ্চারণ সঠিক হতে হবে; তার জন্যে আবৃত্তি প্রশিক্ষণ গ্রহণ করি। গানের অভিব্যক্তি প্রকাশের জন্যে অভিনয় খুবই জরুরি, তারপরে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছি। তার দু-এক বছর পর আমি সংগীতে ভর্তি হই।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : গানের শিক্ষক হিসেবে আপনার পথচলা কতো বছরের? বর্তমানে কোথায় গান শেখাচ্ছেন এবং কতোজন শিক্ষার্থী আপনার কাছে সংগীতের তালিম নিচ্ছে?
মৃণাল সরকার : আমি পূর্বেও বলেছি, আমি জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুরে সংগীত প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছে, যারা আমার কাছে গানের তালিম নিচ্ছে এবং জাতীয় পর্যায়ে অনেক শিক্ষার্থী সফলতা অর্জন করেছে।সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : আপনার শিক্ষার্থীদের মধ্যে কেউ কি সংগীতচর্চায় বিশেষ সাফল্য অর্জন করেছে? একজন সংগীত শিক্ষক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে আপনার ভাবনা কী?
মৃনাল সরকার : আমার অনেক শিক্ষার্থী সংগীতের বিভিন্ন ক্ষেত্রে অনেক অর্জন করেছে। নতুন প্রজন্মের কাছে আহ্বান—মোবাইল ছেড়ে পড়াশোনা ও সংস্কৃতিচর্চায় যুক্ত থাকুক। বড়দের প্রতি সম্মানবোধ জন্মাতে হবে। মনে রাখবে, একজন সিনিয়র তার অবস্থান ছেড়ে দিয়েই তোমাকে এই প্রজন্মের একজন হিসেবে তৈরি করছে। তাকে ধারণ করে তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই এই প্রজন্ম সফলতা পাবে।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের অতীত ও বর্তমান পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সময়ে সংগীত ও নাট্যচর্চার প্রধান সংকটগুলো কী বলে মনে করেন?
মৃনাল সরকার : সংগীতে বা নাটকের কোনো সংকট নেই, সংকট রয়েছে মতের মিলের। সবাইকে নিয়ে কাজ করার আনন্দে সফলতা খুব দ্রুত চলে আসে। কে বেশি পারে, কে কম পারে—এ নিয়ে তর্ক না করে সবাইকে নিয়ে কাজ করে শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিল্প-সংস্কৃতির উর্বর ভূমি চাঁদপুর; সেটা অক্ষুণ্ন রাখার জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটাই আমার প্রত্যাশা।
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক : শিল্পী হিসেবে আপনার আগামী দিনের স্বপ্ন, পরিকল্পনা এবং চাঁদপুরের নতুন প্রজন্মের সংস্কৃতি কর্মীদের প্রতি আপনার পরামর্শ কী?
মৃনাল সরকার : প্রকৃত শিল্পী হতে চাই। খুদে শিশু শিল্পীদের নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। নতুন প্রজন্ম যেন ভুলে না যায় যে, সেও একদিন প্রবীণ হবে। বড়দেরকে সম্মান করতে শিখতে হবে। আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া সব শিল্পীর নামের তালিকা জেলা শিল্পকলা একাডেমির আর্কাইভে রাখা আমি জরুরি মনে করছি। অন্তত জেলা শিল্পকলা একাডেমির ভেতরে প্রবেশ করলেই যেনো আমাদের এই চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের আইডলদের দেখতে পাওয়া যায় । আর এগুলো শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস। পরিশেষে ধন্যবাদ জানাই চাঁদপুর কণ্ঠ পরিবারকে।






