বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮

হাজীগঞ্জে রাতের আঁধারে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে দুজনকে কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে রাতের আঁধারে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে দুজনকে কারাদণ্ড

হাজীগঞ্জে রাতের আঁধারে এক্সেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার পশ্চিম হাটিলা এলাকার একটি কৃষি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার কংগাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৩৮)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এনায়েতপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মিনার হোসেন (৪৮)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা গত বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে গোপনে এক্সেভেটর ব্যবহার করে কৃষিজমির টপ সয়েল কেটে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল কাশেম স্বীকার করেন যে, তিনি এক্সেভেটর দিয়ে গত ৫ দিন ধরে কৃষিজমি থেকে মাটি কাটছিলেন এবং তার নির্দেশেই মিনার হোসেন কাটা মাটি ট্রাকে পরিবহন করছিলেন।

এ ঘটনায় ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই সাজা দেওয়া হয়। অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “এক্সেভেটর দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। যেখানেই ড্রেজার বা এক্সেভেটর দিয়ে অবৈধভাবে কৃষিজমি নষ্ট করা হবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়