প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:০৫
নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধের প্রতিরোধে চাঁদপুর শহর জামায়াতের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী অবরোধ কর্মসূচি ও নানা অপতৎপরতা প্রতিরোধের দাবিতে চাঁদপুর শহরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিনব্যাপী শহরের একাধিক পয়েন্টে পৃথক এসব কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান নিয়ে কড়া প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।
সকাল ৮টায় চাঁদপুর শহরের মিশন রোড শাহী মসজিদের সামনে থেকে শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতাবিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সকালের এই মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, জামায়াত নেতা গোলাম মাওলা, সুলতান মাহমুদুল হাসান, আব্দুল হাই লাভলু, আলাউদ্দিন ঢালী ও ফুয়াদ হোসাইনসহ স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা।
এদিকে একই দাবিতে বিকেলে বাদ আসর শহরের বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে আরেকটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
দিনব্যাপী এই পৃথক দুই কর্মসূচির মধ্য দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে চাঁদপুর শহরে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান দেন জামায়াত নেতারা। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








