প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২০:৫৩
জেলাজুড়ে ২৪ ঘণ্টাব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মী ও মাদক কারবারিসহ গ্রেফতার ২৮
১৯ কিশোর গ্যাং সদস্যদের আটক করলেও মুচলেকায় ছাড়

চাঁদপুর জেলাজুড়ে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬ নেতাকর্মী ও ৫ মাদক কারবারিসহ মোট ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে আটক করা হয়েছে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে, যাদের পরবর্তীতে মুচলেকা নিয়ে স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
|আরো খবর
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬)জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সোমবার জেলার বিভিন্ন থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
থানাওয়ারি গ্রেফতার ও আটকের চিত্র :
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী (১৬ জন) : চাঁদপুর সদর মডেল থানায় ৬ জন, ফরিদগঞ্জ থানায় ৪ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, হাজীগঞ্জ থানায় ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জন।
কিশোর গ্যাং প্রতিরোধ (১৯ জন) : মতলব উত্তর থানায় ৬ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৩ জন এবং হাইমচর থানায় ১ জন। যাচাই-বাছাই শেষে পুনরায় অপরাধে না জড়ানোর শর্তে মুচলেকা রেখে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযান ও উদ্ধার : মোট ৫ জন গ্রেফতার। ফরিদগঞ্জ থানায় ২ জন (১০ পিস ইয়াবা), মতলব উত্তর থানায় ২ জন (১৫০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা) এবং হাজীগঞ্জ থানায় ১ জন (৫ পিস ইয়াবা)। অভিযানে সর্বমোট ১৫০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা জব্দ করা হয়।
অন্যান্য অপরাধ ও সাজাপ্রাপ্ত আসামি (১৫ জন) : চাঁদপুর সদর এলাকা থেকে ১ জন চাঁদাবাজ এবং সন্দেহভাজন ও মাদকসেবীসহ ৮ জনকে আটক করা হয়। এছাড়া পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে হাইমচর থানায় ১ জন, মতলব উত্তর থানায় ১ জন, শাহরাস্তি থানায় ২ জন, হাজীগঞ্জ থানায় ১ জন এবং কচুয়া থানায় ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।








