প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪০
বহুবচন একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুলের কবিতা, গান ও নাট্য পরিবেশনায়
‘সাম্যের গান গাই’—প্রাণবন্ত এক আবৃত্তি সন্ধ্যা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আবৃত্তি সন্ধ্যা। নজরুল বর্ষ উপলক্ষে গত ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি ও বহুবচন একাডেমির আয়োজনে ‘সাম্যের গান গাই’ শীর্ষক এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি ও বহুবচন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজনে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ছড়া, নাটকের দৃশ্যে অভিনয়, শ্রুতিনাটক এবং গান ও আবৃত্তির সমন্বয়ে পুরো অনুষ্ঠান সাজানো হয়। শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, কণ্ঠের প্রকাশভঙ্গি এবং মঞ্চ পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘কাণ্ডারী হুঁশিয়ার’, ‘পাপ’ ও ‘নারী’ আবৃত্তির মধ্য দিয়ে কবির দ্রোহ, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়। পাশাপাশি নজরুলের জনপ্রিয় গান ‘বাগিচায় বুলবুলি তুই’ পরিবেশিত হয়। শিশু-কিশোরদের উপযোগী ছড়া ও কবিতার পরিবেশনায়ও ছিলো বৈচিত্র্য।
‘আমি হব’, ‘খুকি ও কাঠবেড়ালী’, ‘ভোর হলো’, ‘আমি যদি বাবা হতাম’ ও ‘সংকল্প’সহ বিভিন্ন ছড়া পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আবৃত্তি দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
শুধু প্রচলিত আবৃত্তির মধ্যেই অনুষ্ঠান সীমাবদ্ধ ছিলো না। কবিতার ভাব ও বক্তব্যকে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন, নাটকের বিভিন্ন দৃশ্য এবং শ্রুতিনাট্যের সংযোজন দর্শকদের জন্য তৈরি করে ভিন্নধর্মী অভিজ্ঞতা। কোথাও কবিতার বিদ্রোহী উচ্চারণ, কোথাও মানবতার আহ্বান, আবার কোথাও শিশুতোষ ছড়ার সরল আনন্দে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি মিলনায়তন। শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে নজরুলের সাহিত্য ও সংগীতের নানা দিক যেন মঞ্চে নতুনভাবে প্রাণ ফিরে পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বহুবচন একাডেমির প্রশংসা করে বলেন, “এতো চমৎকার একটি আবৃত্তি অনুষ্ঠান উপস্থাপনের জন্যে বহুবচন একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যে নিয়মিত আবৃত্তি অনুশীলনের সঙ্গে যুক্ত রয়েছে, আজকের অনুষ্ঠানেই তার প্রমাণ পাওয়া গেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, নাটকের অংশ এবং গান মিলিয়ে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এ ধরনের সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে। চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা ও উদ্যোগের ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবৃত্তি ও সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে আত্মবিশ্বাস, শুদ্ধ উচ্চারণ, মননশীলতা এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি হয়। এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে চাঁদপুরের সংস্কৃতি অঙ্গন আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার দিতি সাহাসহ চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমীরা।
বহুবচন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এম আর ইসলাম বাবুর সার্বিক তত্ত্বাবধানে বহুবচন একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও যারা আবৃত্তি, ছড়া, গান, অভিনয় ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় তারা হলো—রাইসা তাহসিন, ওয়াশফিয়া আলম আরিশা, মিফতাহুল জান্নাত, সুমাইয়া, সুপ্রতীম নন্দী অহন, জাহিদুল ইসলাম রাব্বি, বিক্রম আদিত্য দাস, ইনতিহা ইকবাল, আদিবা, ইয়াস ইকবাল, সৃজিতা সাহা, ইসমাম হোসেন রোহান, তাহা, সুকৃতি চক্রবর্তী, শুভদ্রা চক্রবর্তী, জল, নুহা, আলিফা, আয়াজ, আলিফ মজুমদার, মোহাম্মদ শিকদার, আয়াস, ইয়ান, শিকদার, হোমায়রা, লামিয়া, সাইফুল, তালহা, আইদাহ, আরাজ, আরাফাত, নাফিসা আয়াত, ইউসরা, ইনান, প্রতীক পাল, মিরসাব মাহাবীর শেখ, সাদিক, শৈশব, জাওয়াদ, তাহিয়া মাহমুদ, আরাফাত সানি, সাবিহা, ইভান, তানহা, সিনহা, খাদিজা ফারিন, ফিদান, মোহাম্মদ ভূঁইয়া, নুসরাত, মুনতাহা মানহা, ইয়ামিন, লামিছা, আয়েশা, আদনান রাফি ও মেজবাহ।
নজরুলের সাম্য, মানবতা ও প্রতিবাদের বাণীকে আবৃত্তি, অভিনয় ও সংগীতের মাধ্যমে উপস্থাপনের এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি চাঁদপুরের সংস্কৃতি চর্চায় একটি সুন্দর সংযোজন হয়ে থাকবে।






