বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের আয়োজনে

‘প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
‘প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

দেশপ্রেম, মাতৃভূমির প্রতি ভালোবাসা আর বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গে চাঁদপুরে উদযাপিত হয়েছে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে আয়োজিত ‘প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, একক সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’ শিরোনামে দলীয় সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মধ্যে দেশাত্মবোধের আবহ তৈরি করে। এরপর মিফতাহুল জান্নাতের কণ্ঠে ‘নমঃ নমঃ নমো বাংলাদেশ মম’ কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।

একক সংগীত পর্বে অনিরুদ্ধ গোস্বামী পরিবেশন করেন ‘প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি’ গানটি। এছাড়া শ্রাবণ দাসের কণ্ঠে ‘মাগো আর তোমাকে ঘুম পাড়ানোর মাসি হতে দেবো না’, শুভমিতা দাসের কণ্ঠে ‘আমার মন চলে যায়’, কৃষ্ণকলি দেবনাথের কণ্ঠে ‘মা গো ধন্য হলো জন্ম আমার’ এবং রুদ্র ঘোষের কণ্ঠে ‘মাগো সুন্দরী মাগো’ গানগুলো পরিবেশিত হয়।

অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন সানজিদা আলম সানজু (‘স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে’), অর্পণা দে (‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধা’), অর্পিতা ঘোষ (‘একতারা লাগে না আমার, দোতারা লাগে না’), সজল সাহা (‘মোরা ফিরে আসি ফিরে ফিরে যাই’) এবং সুদীপ তন্ময় (‘আর কোথায় নয় মাগো আর নয় কোনখানে’)। শিল্পীদের এই বৈচিত্র্যময় পরিবেশনা দর্শক-শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করে। বিশেষভাবে উল্লেখ্য, একক সংগীত পরিবেশনায় অংশ নেন জেলা প্রশাসক আহমদ জিয়াউর রহমানও।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ শিরোনামে দলীয় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক ও নাট্যশিল্পী এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। জেলা শিল্পকলা একাডেমির প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী এবং নৃত্যশিল্পীদের সম্মিলিত পরিবেশনায় মিলনায়তনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা গ্রন্থাগার ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি চাঁদপুরের শিল্প ও সংস্কৃতিচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়