শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩৫

আরেকটি বিরল কাজ করলো শাহরাস্তি প্রেস ক্লাব

অনলাইন ডেস্ক
আরেকটি বিরল কাজ করলো শাহরাস্তি প্রেস ক্লাব

প্রান্তিক বা উপজেলা পর্যায়ে বস্তুনিষ্ঠ ও আধুনিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা কতোটা চ্যালেঞ্জিং, তা মফস্বল সাংবাদিকতায় নিয়োজিত প্রতিটি গণমাধ্যমকর্মী হাড়ে হাড়ে টের পান। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), প্রেস কাউন্সিল কিংবা এ জাতীয় সরকারি প্রতিষ্ঠানের, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগগুলো জেলা পর্যায়ের প্রেস ক্লাব বা অন্য সাংবাদিক সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সচরাচর ভূমিকা রাখলেও, উপজেলা পর্যায়ে সেসব সরকারি/বেসরকারি প্রশিক্ষণ পৌঁছানো প্রায় অমাবস্যার চাঁদের মতোই বিরল। সম্প্রতি চাঁদপুর জেলা এবং ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার প্রেস ক্লাবগুলোর সদস্যরা পিআইবির প্রশিক্ষণ পেলেও শাহরাস্তি প্রেস ক্লাবের ক্ষেত্রে সরকারি আমলাতান্ত্রিক কিংবা সময়সূচির দীর্ঘসূত্রতা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু সরকারি অনুদান কিংবা উদ্যোগের অপেক্ষায় হাত গুটিয়ে বসে না থেকে, সম্পূর্ণ নিজস্ব উদ্যমে স্থানীয়ভাবে স্পন্সর জোগাড় করে পেশাগত মানোন্নয়নের যে অনন্য দৃষ্টান্ত শাহরাস্তি প্রেস ক্লাব স্থাপন করলোÑতা কেবল প্রশংসনীয়ই নয়, দেশের প্রান্তিক সাংবাদিকতার ইতিহাসে এক বিরল ঘটনা। এর আগেও শাহরাস্তি প্রেস ক্লাব নিজেদের অর্থায়নে জায়গা কিনে ভবন করার বিরল ও সাহসী উদ্যোগ নেয়াসহ ২-১টি বিরল কাজ করে আলোড়ন সৃষ্টি করেছে। ক’ মাস আগে নিজেদের কমিটি গঠনে স্বচ্ছতার সাথে যে নির্বাচন সম্পন্ন করেছে, সেটাও ছিলো দেশের উপজেলা পর্যায়ে বিরল।

গত ১২ আগস্ট ২০২৬, বুধবার শাহরাস্তি প্রেস ক্লাব যা করে দেখালো, তা কেবল একটি সাধারণ প্রশিক্ষণ কর্মশালা ছিলো না; বরং তা ছিলো আত্মনির্ভরশীলতা ও পেশাদারি মানসিকতার এক উজ্জ্বল স্মারক। ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্ব, নিবেদিতপ্রাণ সদস্যদের আন্তরিকতা ও স্থানীয় পৃষ্ঠপোষকতায় এবং নিজস্ব ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের শীতাতপ নিয়ন্ত্রিত হল রুমে আধুনিক সুবিধাদি নিয়ে আয়োজিত এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রমাণ করেছেÑইচ্ছা ও সদিচ্ছা থাকলে প্রান্তিক পর্যায়ের প্রেস ক্লাবও জাতীয় মানের উদ্যোগ নিতে পারে।

এই আয়োজনের সবচেয়ে বড় শক্তি ছিলো এর যুগোপযোগী বিষয়বস্তু নির্বাচন এবং প্রশিক্ষকদের উঁচু মান। প্রথাগত সংবাদ কাঠামোর বাইরে গিয়ে আজকের ডিজিটাল যুগে অতি প্রয়োজনীয় ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)’, ‘ফ্যাক্ট-চেকিং’, ‘মোবাইল জার্নালিজম’ কিংবা ‘অনুসন্ধানী সাংবাদিকতা’র মতো আধুনিক বিষয়গুলোকে এই প্রশিক্ষণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ সাংবাদিক, পিআইবির মাস্টার ট্রেইনার ও ডিজিটাল সাংবাদিকতার বিশেষজ্ঞদের দিয়ে স্থানীয় সাংবাদিকদের যেভাবে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা সচরাচর শুধু রাজধানী কিংবা বিভাগীয় শহরের উচ্চতর প্রশিক্ষণে দেখা যায়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণÑ”যা শিখতে পেরেছেন তা সংবাদের মাধ্যমে দেখতে চাই।” সত্য ও সঠিক তথ্য পরিবেশন এবং ভুয়া খবরের (ফেক নিউজ) ভিড়ে তথ্য যাচাইয়ের সক্ষমতা অর্জনই এখন মফস্বল সাংবাদিকতার প্রধান চ্যালেঞ্জ। শাহরাস্তি প্রেস ক্লাব সরকারি সুযোগের অপেক্ষা না করে, সাংবাদিকদের সমসাময়িক এআই ও প্রযুক্তিগত সুবিধাদিতে সজ্জিত করে সেই চ্যালেঞ্জের সঠিক জবাব দিয়েছে।

শাহরাস্তি প্রেস ক্লাবের এই ঐতিহাসিক ও বিরল উদ্যোগ সারা দেশের শত শত উপজেলা প্রেস ক্লাবের জন্যে অনুকরণীয় মডেল হতে পারে। অন্য কারো সহায়তার মুখাপেক্ষী না হয়ে নিজ অঞ্চলের সাংবাদিকদের দক্ষ করে তোলার এই সাহসিকতা ও আন্তরিকতা মফস্বল সাংবাদিকতার গুণগত মান এক ধাপ এগিয়ে নেবে। প্রেস ক্লাবের এই যুগান্তকারী অর্জনকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি, প্রশিক্ষণলব্ধ জ্ঞান শাহরাস্তি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ তথা সাংবাদিকদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ হিসেবে ফুটে উঠবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়