বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৫:৪৯

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জের মিল্লাত হোসেন (৪২) নামের এক মালয়েশিয়া প্রবাসীর নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে করুণ মৃত্যু হয়েছে।

জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে

মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। স্বপ্ন ছিলো পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কর্মস্থলের একটি দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে গেলো তার সব স্বপ্ন, চিরতরে থেমে গেলো তাঁর জীবনপ্রদীপ।কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ সময় সকাল ১০টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও পদ্মাবাজারের মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন আজ বুধবার (২২ জুলাই) কাজের সময় ১০ তলার ওপর থেকে পড়ে আমার ভাই মিল্লাতের মৃত্যু হয়েছে-- এমন খবর পাবো তা স্বপ্নেও ভাবিনি।

দুর্ঘটনার খবর রামগঞ্জে পৌঁছালে নিহতের স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়। পুরো হাসনাবাদ এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, প্রবাসী এই শ্রমিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়