রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২১:০৮

ব্যাংককে ম্যারাথন জয় ও দীর্ঘ সাঁতারে চাঁদপুরের মাসুমের অনন্য কীর্তি

চৌধুরী ইয়াসিন ইকরাম ।।
ব্যাংককে ম্যারাথন জয় ও দীর্ঘ সাঁতারে চাঁদপুরের মাসুমের অনন্য কীর্তি

১০০ কিলোমিটার আল্ট্রা রান থেকে ৩৫ কিলোমিটার পদ্মা সাঁতার, আর ৪৯ বার স্বেচ্ছায় রক্তদানে মানবিকতার দৃষ্টান্ত—ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও নিজের সীমাবদ্ধতাকে জয় করার অদম্য মানসিকতা নিয়ে এগিয়ে চলেছেন চাঁদপুরের সন্তান মো. মাহমুদুল হাসান মাসুম। পেশাগত জীবনের ব্যস্ততার পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন অপেশাদার দীর্ঘ দূরত্বের দৌড়বিদ ও সাঁতারু হিসেবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘অ্যামেজিং থাইল্যান্ড ম্যারাথন ব্যাংকক বাই টয়োটা ২০২৬’-এ অংশগ্রহণ করে সফলভাবে ফুল ম্যারাথন (৪২.১৯৫ কিলোমিটার) সম্পন্ন করেছেন মাসুম। ২৯ নভেম্বর স্থানীয় সময় রাত ২টায় শুরু হওয়া এই আন্তর্জাতিক ম্যারাথনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিপুলসংখ্যক দৌড়বিদ অংশ নেন। এমন বড় আন্তর্জাতিক আসরে নিজের সক্ষমতার স্বাক্ষর রেখে নির্ধারিত দূরত্বে ফিনিশিং লাইন অতিক্রম করা তাঁর ক্রীড়াজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন।

এ যাত্রায় মাসুমের সঙ্গী ছিলো দেশের ই-বাইক ব্র্যান্ড ভি-মোটো, রিসোর্ট প্রতিষ্ঠান ছুটি গ্রুপ এবং ই-কমার্স প্রতিষ্ঠান শব ডট কো ডট বিডি।

মাসুমের দৌড়ের অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে আরও বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে উৎসর্গ করে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৭৫ কিলোমিটার আল্ট্রা রান সম্পন্ন করেন তিনি। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভে ১০০ কিলোমিটার কোস্টাল আল্ট্রা ম্যারাথন সফলভাবে শেষ করেছেন। ৫০, ৪২, ৩০, ২৫ ও ২১ কিলোমিটার দূরত্বের অসংখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সফলভাবে ফিনিশ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

দৌড়ের পাশাপাশি দূরপাল্লার সাঁতারেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। ২০২৩ সালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সাঁতার সফলভাবে অতিক্রম করেন। প্রমত্তা পদ্মা নদীতে ৩৫ কিলোমিটার সাঁতারসহ দেশের বিভিন্ন নদী ও জলপথে দীর্ঘ দূরত্বের সাঁতারে অংশ নিয়েছেন তিনি। কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে ১৩.৫ কিলোমিটার সাঁতারও তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতার একটি।

তবে মাসুমের পরিচয় শুধু একজন দৌড়বিদ কিংবা সাঁতারুর মধ্যে সীমাবদ্ধ নয়। মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। এখন পর্যন্ত তিনি ৪৯ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। মানুষের প্রয়োজনে রক্তদানের মতো মহৎ কাজকে তিনি নিজের জীবনের একটি নিয়মিত মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন।

চাঁদপুরে জন্ম ও বেড়ে ওঠা মাসুম উচ্চশিক্ষা ও পেশাগত প্রয়োজনে পরবর্তী সময়ে ঢাকায় পাড়ি জমান। পেশাগত ব্যস্ততা, ব্যক্তিগত জীবন এবং নিয়মিত অনুশীলনের মধ্যে সমন্বয় করে তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর দৌড় ও সাঁতারের পথচলা।

নিজেকে পেশাদার ক্রীড়াবিদ হিসেবে দাবি করেন না মাসুম; তিনি একজন অপেশাদার এন্ডুরেন্স অ্যাথলেট। তাঁর কাছে প্রতিটি ম্যারাথন, প্রতিটি আল্ট্রা রান এবং প্রতিটি দীর্ঘ দূরত্বের সাঁতার হলো নিজের সক্ষমতা যাচাইয়ের নতুন সুযোগ। প্রতিটি ফিনিশিং লাইন তাঁকে পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা, নিজের সীমা অতিক্রম করা এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা—এই তিনটি বিষয়কে সামনে রেখেই এগিয়ে যেতে চান চাঁদপুরের এই সন্তান। মাসুমের বিশ্বাস, গন্তব্যে পৌঁছানোর চেয়েও বড় বিষয় হলো হাল না ছেড়ে এগিয়ে চলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়