প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৪
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের জাতীয় নৈতিক শিক্ষা সম্মেলন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় নৈতিক শিক্ষা সম্মেলন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা একটি মানবিক, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনুদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম এবং প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ড. মো. সবুর খান।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদার।
আয়োজক সূত্রে জানা গেছে, নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গঠন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়, বরং জ্ঞান, সততা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন নাগরিক তৈরি করা।
সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদ, গবেষক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা অংশ নেন।






