প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৭
শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম এটিএম রেজাউল হক রতন রাজধানীর আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাবা পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাবার প্রতিষ্ঠিত এই ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, রোববার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নেওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজাশেষে পৈত্রিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।
বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।








