শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২১:৩১

হাসান আলী মাঠে সীরাতুন্নবী (সা.) সম্মেলন

স্টাফ রিপোর্টার।।
হাসান আলী মাঠে সীরাতুন্নবী (সা.) সম্মেলন

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে চাঁদপুরে সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে কওমি মাদরাসাগুলোর ঐতিহাসিক ভূমিকা ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দারুল উলুম দেওবন্দের উসুল ও আদর্শে পরিচালিত কওমি মাদরাসাগুলো যুগে যুগে ইসলামের বিশুদ্ধ আকিদা, সঠিক পথ ও নববী আদর্শ মানুষের সামনে তুলে ধরছে। পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, হাদিস চর্চা, ইলমে নববীর প্রচার-প্রসার এবং সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কওমি মাদরাসাগুলোর অবদান আজকের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত কেবল পাঠের বিষয় নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত।

কওমি সংগঠন চাঁদপুর জেলা সভাপতি মুফতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অতিথি হিসেবে বয়ান পেশ করেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া; দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস আল্লামা ডক্টর নূরুল আবসার; মাদরাসায়ে দারুল উলুম, ময়নামতি, কুমিল্লার মুহতামিম মাওলানা আনিসুর রহমান আশরাফি; আল-মারকাজুল হানাফি বাংলাদেশ, ঢাকার মুহতামিম মাওলানা মুফতি নোমান কাসেমী এবং রিয়াজুল জান্নাহ আল-ইসলামিয়া মাদরাসা, ব্রাহ্মণবাড়িয়ার নায়েবে মুহতামিম মাওলানা ইউসুফ বিন ইকবাল।

এ ছাড়া জেলার স্থানীয় আলেম-ওলামা সম্মেলনে উপস্থিত ছিলেন এবং নসিহতমূলক বক্তব্য দেন। সম্মেলনে চাঁদপুর ও আশপাশের এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

ছবি ক্যাপশন: চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলনে উপস্থিত মুসল্লিদের একাংশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়