প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২
ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কুয়েতে মাদকসহ গ্রেপ্তার

গত ২৪ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া ফরিদগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী (৪৫)কে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। কুয়েতের হাওয়ালি নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা মাদক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে।
|আরো খবর
গ্রেপ্তারকৃত সোহাগ গাজী ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার খাঁড়কাদিয়া গ্রামের গাজী বাড়ির এক সাবেক পুলিশ সদস্যের ছেলে।
কুয়েতের গণমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, অপারেশনস অ্যান্ড পেট্রোলস বিভাগের সদস্যরা একটি খোলা পার্কিং এলাকায় সোহাগ গাজীর সন্দেহজনক আচরণ দেখতে পেয়ে তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ গাজী স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থানে মাদক লুকিয়ে রেখে মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতাদের লোকেশন পাঠিয়ে সরবরাহ করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে আরও মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে মোট ১০১ প্যাকেট হেরোইন, ২৫ প্যাকেট মেথামফেটামিন (আইস), মাদক সেবনের ৪টি সরঞ্জাম এবং একটি সূক্ষ্ম ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন জানান, সোহাগ গাজী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ৫ আগস্টের প্রেক্ষাপটের পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে কুয়েত চলে যান। দেশে থাকার সময় সরাসরি মাদকের সাথে সম্পৃক্ততার কোনো খবর না থাকলেও, বিদেশে আটকের পর তার নানা অপকর্মের তথ্য বেরিয়ে আসছে।
বর্তমানে সোহাগ গাজী ও উদ্ধারকৃত মালামাল কুয়েতের সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।








