প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৩৭
চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম মোস্তফা হামিদীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান ও গভর্নিং বডির সদস্য আক্তার হোসেন সাগর। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এ টি এম মোস্তফা হামিদী বলেন, "সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান তুলনামূলক সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে আমাদের এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত অব্যাহত থাকবে। এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকগণ শিক্ষার্থীদের সার্বিক পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোলামেলা আলোচনা ও মূল্যায়নের সুযোগ পান।"
তিনি আরও বলেন, "চলতি বছর দাখিল ও সমমান পরীক্ষায় অত্র ইউনিয়ন থেকে একমাত্র একজন শিক্ষার্থীই জিপিএ-৫ (এ-প্লাস) পেয়েছে এবং সে আমাদের মাদ্রাসারই ছাত্র—যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এছাড়া ২০২৬ সালের আলিম পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলায় মোট তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে দুজনই আমাদের প্রতিষ্ঠানের।"
গভর্নিং বডির সদস্য আক্তার হোসেন সাগর অভিভাবকদের উদ্দেশে বলেন, "আপনারা নিয়মিত অভিভাবক সমাবেশে আসবেন এবং আপনাদের সন্তান বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কি না, সে বিষয়ে শিক্ষকদের জানাবেন। সন্তানের নিয়মিত ক্লাস করার বিষয়টিও আপনারা খোঁজখবর রাখবেন। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে মাদ্রাসার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।" সভায় বিপুলসংখ্যক নারী ও পুরুষ অভিভাবক উপস্থিত ছিলেন।








