মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫

চাঁদপুরের ফুটবলের জীবন্ত কিংবদন্তি মফিজুল ইসলাম তাঁর স্মৃতিকথা ও আক্ষেপের গল্প

তাইয়্যেব
চাঁদপুরের ফুটবলের জীবন্ত কিংবদন্তি মফিজুল ইসলাম তাঁর স্মৃতিকথা ও আক্ষেপের গল্প

ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই পথচলা শুরু হয়েছিল মফিজুল ইসলামের। সেই পথচলায় কখনো চট্টগ্রাম, কখনো কুমিল্লা, আবার কখনো ঢাকার মাঠে ছুটে বেড়িয়েছেন। খেলেছেন বিভিন্ন ক্লাবে, অর্জন করেছেন বহুমুখী অভিজ্ঞতা ও স্মৃতি। একসময়ের মাঠের তুখোড় খেলোয়াড় পরবর্তীকালে নিজে হয়ে ওঠেন খেলোয়াড় তৈরির কারিগর। নিজের হাতে ক্লাব গড়েছেন, তৈরি করেছেন নতুন প্রজন্মের ফুটবলার। দিনের পর দিন বিনা পারিশ্রমিকে দিয়েছেন শ্রম ও সময়। অথচ দীর্ঘ ক্রীড়াজীবন এবং খেলাধুলায় এতো অবদানের পরও নিজের জেলা চাঁদপুরে কাঙ্ক্ষিত সম্মান ও মূল্যায়ন না পাওয়ার গভীর আক্ষেপ রয়ে গেছে তাঁর মনে। তিনি চাঁদপুরের ফুটবলের এক নিবেদিতপ্রাণ সাধক—মফিজুল ইসলাম।

শৈশব, বেড়ে ওঠা ও ফুটবলে হাতেখড়ি

১৯৪৯ সালে চাঁদপুরের আমিরাবাদ নাওভাঙ্গা চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন মফিজুল ইসলাম। বাবা সিরাজ মিয়া আদালতের পেশকার হিসেবে কর্মরত থাকায় পরিবারের বসবাস ছিলো চাঁদপুর শহরের নাজিরপাড়ায়। সেখানেই তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। গ্রামের বাড়িতে যাতায়াতের সুযোগ সীমিত থাকায় চাঁদপুর শহরেই তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবন সম্পন্ন হয়। তিনি হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৬৫ সালে মাধ্যমিক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাস করেন।

সাত ভাইয়ের মধ্যে তিন ভাই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। তবে মফিজুল ইসলাম খেলাধুলাকেই নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নেন। তাঁর পরিচিত বড় ভাই কালু বকাউলের হাত ধরেই ১৯৬৫ সালে ফুটবলজগতে তাঁর যাত্রা শুরু হয়। বড় ভাই ফায়ার সার্ভিসে চাকরি করার সুবাদে চট্টগ্রামে যাওয়ার সুযোগ পান তিনি। সেখানে ফুটবল চর্চার মাধ্যমে খেলোয়াড় হিসেবে নিজেকে ধীরে ধীরে গড়ে তোলেন। চট্টগ্রামে খেলতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।

চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার মাঠে ফুটবলজীবন

চট্টগ্রামের পর কুমিল্লার ফুটবল অঙ্গনেও তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে। সে সময় চাঁদপুর আলাদা জেলা না হওয়ায় কুমিল্লার ক্রীড়াঙ্গনেই খেলাধুলা করতেন তিনি। ১৯৬৫, ১৯৬৬ ও ১৯৬৭ সালসহ বেশ কয়েক বছর কুমিল্লা লিগে খেলেছেন। এমনকি কুমিল্লা মোহামেডানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও হয়েছিল তাঁর। ক্লাবটির সঙ্গে আমান চৌধুরীর সম্পৃক্ততা ছিলো, যিনি ঢাকা মোহামেডানেরও সেক্রেটারি ছিলেন।

১৯৭০ সালে তাঁর সেই পরিচিত বড় ভাই কালু বকাউল চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে আসেন। তাঁর সূত্র ধরেই ঢাকায় গিয়ে ফুটবল খেলার সুযোগ পান মফিজুল ইসলাম। ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন ক্লাবে খেলাধুলা করার পর ১৯৭৩ সালে ‘পিডব্লিউ ক্লাব’-এ খেলার প্রস্তাব পান। সেখানে প্রায় তিন বছর খেলার পর সাধারণ বীমা এবং পরবর্তীতে ‘স্ট্যান্ড ক্লাব’-এ দু বছর খেলেন। এভাবেই দেশের স্বনামধন্য বিভিন্ন ক্লাব ও প্রতিযোগিতায় নিজের ফুটবলজীবনকে সমৃদ্ধ করেন তিনি।

খেলার ধরন ও পজিশনেও সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। চট্টগ্রামে থাকাকালে তিনি লেফট ব্যাক পজিশনে খেলতেন। ঢাকায় আসার পর মাঝমাঠে ‘লিংকম্যান’ হিসেবে সতীর্থদের সঙ্গে সমন্বয় করে আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অবহেলা থেকে আত্মপ্রতিষ্ঠার লড়াই : চট্টগ্রামে ফুটবল খেলার শুরুর দিকের একটি ঘটনা এখনো স্পষ্ট মনে আছে মফিজুল ইসলামের। স্টেডিয়ামে খেলতে নামার পর কয়েকজন খেলোয়াড়ের অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ আচরণের শিকার হয়েছিলেন তিনি। একটি কর্নার কিক নেওয়ার সময় দলেরই আরেক খেলোয়াড় তাঁকে সরে যেতে বলেন। এ নিয়ে তর্ক হলেও নিজের সিদ্ধান্তে অটল থেকে তিনি নিজেই কর্নার কিক নেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বলটি সরাসরি দ্বিতীয় বারে গিয়ে জালে প্রবেশ করে। সেদিনের সেই মুহূর্তটি কেবল একটি গোল ছিলো না, বরং অবহেলার উপযুক্ত জবাব দেওয়ার এক অনন্য উপলক্ষ ছিলো।

ফুটবলজীবনে কখনো লাল কার্ড দেখেননি মফিজুল ইসলাম। তবে ১৯৭৬ সালের দিকে আবাহনী ও পিডব্লিউডির মধ্যকার একটি ম্যাচে অনভিপ্রেত হাতাহাতির ঘটনায় রেফারির ভুল ধারণার কারণে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হলে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটলে সেই শাস্তি মওকুফ করা হয়।

মাঠের খেলোয়াড় থেকে খেলোয়াড় তৈরির কারিগর

১৯৮০ সালের দিকে নিয়মিত খেলোয়াড়ি জীবন থেকে সরে এলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। এনএসসি থেকে প্রায় এক মাসের কোচিং প্রশিক্ষণ গ্রহণ করে তিনি খেলোয়াড় তৈরির কাজে মনোনিবেশ করেন।

ছোট ভাই ফারুকের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘সেভেন স্টার’ ক্লাবটি ভাই বিদেশে চলে যাওয়ার পর নিজের কাঁধে তুলে নেন মফিজুল ইসলাম। তাঁর হাত ধরে ক্লাবটি খেলোয়াড় তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়। পরবর্তী সময়ে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ব্রাদার্স ইউনিয়ন’। এই ক্লাব থেকেই বহু প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন, যার মধ্যে জাহাঙ্গীর পাটোয়ারী জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন।

তবে যে ক্লাবটি নিজের শ্রম ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন, আজ সেখানে নিজের কোনো অবদান বা পরিচিতি যথাযথভাবে স্বীকৃত না থাকায় গভীর কষ্ট পান তিনি। শুধু ক্লাবেই নয়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর বিনা পারিশ্রমিকে সকাল-বিকেল প্রশিক্ষণ দিয়েছেন তিনি। অথচ এতো দীর্ঘ সাধনার পরও জেলা ক্রীড়া সংস্থা বা এ সংস্থার ফুটবল উপকমিটিতে কোনো দায়িত্বশীল স্থান পাননি—যা তাঁর জীবনের অন্যতম বড় বেদনা।

চাঁদপুর সরকারি কলেজ মাঠ : স্মৃতিতে এক ক্রীড়াতীর্থ

মফিজুল ইসলামের ফুটবলজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ। একসময়কার ‘আজিজ আহমেদ ময়দান’খ্যাত এই মাঠেই তাঁর শৈশব-কৈশোর ও তারুণ্যের সোনালী সময় কেটেছে। আন্তঃস্কুল ও আন্তঃকলেজ টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন বড় প্রতিযোগিতা এই মাঠেই অনুষ্ঠিত হতো।

সে সময় মাঠের চারপাশের খোলামেলা পরিবেশ, দর্শকদের উপচেপড়া ভিড় এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন দলের অংশগ্রহণের স্মৃতি আজও তাঁর মনে তাজা। অমল দত্ত ও দেবু সাহার মতো দিকপাল খেলোয়াড়রাও এই মাঠে খেলে বড় হয়েছেন। তবে সময়ের পরিবর্তনে মাঠের ঐতিহ্য ও খেলাধুলার পরিবেশ সংকুচিত হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

বর্তমান জীবন ও প্রত্যাশা

বর্তমানে ৭৭ বছর বয়সী মফিজুল ইসলাম স্ত্রী ও এক সন্তানের সঙ্গে চট্টগ্রামে বসবাস করছেন। বাইপাস সার্জারি ও চোখের নানা জটিলতা সত্ত্বেও নিয়মিত ইবাদত, হাঁটাচলা ও হালকা ব্যায়ামের মাধ্যমে জীবন কাটাচ্ছেন।

জীবনের এই সায়াহ্নে এসে তাঁর চাওয়া খুব বেশি কিছু নয়। ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব ছাপিয়ে তিনি চান চাঁদপুরে আবার খেলাধুলার সোনালী দিনগুলো ফিরে আসুক। স্থানীয় ক্লাবগুলো নিজস্ব খেলোয়াড় তৈরি করুক, নতুন প্রজন্ম ফুটবলের প্রতি আগ্রহী হোক এবং চাঁদপুরের ক্রীড়াঙ্গন ফিরে পাক তার হারানো প্রাণচাঞ্চল্য। একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদের রেখে যাওয়া অবদান যেন যথাযথ সম্মান ও স্মৃতির সঙ্গে মূল্যায়ন পায়—এটাই তাঁর একমাত্র চাওয়া।

পারিবারিক পরিচিতি

মফিজুল ইসলামের সহধর্মিণী শাহনাজ বেগম একজন সুগৃহিণী। তাঁদের বড় সন্তান রোকসানা আক্তার মিতু। তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর স্বামী মোহাম্মদ হেলাল উদ্দিন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের চাঁদপুর জোন অপারেশন সেন্টারে এভিপি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

মফিজুল ইসলামের দ্বিতীয় সন্তান সিএম আতিকুর রহমান চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক। তাঁর সহধর্মিণী তাহেরা আবেদীন মুন্নী গোপালগঞ্জ এমএ খালেক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করে শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়