প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৫
উন্মুক্ত স্থানে বালু-পাথর রেখে ব্যবসা করায় ১ লাখ টাকা জরিমানা

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে উন্মুক্ত স্থানে বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে চাঁদপুরে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
রোববার (৮ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১ ও ১৭ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্মাণসামগ্রী উন্মুক্ত স্থানে ফেলে না রেখে বিধিমালা মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।








