প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৯
বর্জ্য থেকে জ্বালানির প্রকল্প সফল হলে চাঁদপুর পৌরসভা হবে অনন্য মডেল

নগরজীবনে বর্জ্য ব্যবস্থাপনা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। অপরিকল্পিতভাবে ফেলে রাখা গৃহস্থালি ও বাজারের বর্জ্য যেমন পরিবেশদূষণ বাড়াচ্ছে, তেমনি দূষিত করছে জলাশয় ও জনস্বাস্থ্যকে। বিশেষ করে অপচনশীল প্লাস্টিক বর্জ্য হয়ে উঠেছে নগর পরিবেশের জন্য বড় হুমকি। এমন বাস্তবতায় বর্জ্যকে বোঝা নয়, সম্পদে রূপান্তরের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও দূরদর্শী। স্বর্ণখোলা এলাকার ডাম্পিং স্টেশনে বর্জ্য থেকে জ্বালানি তেল বা ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক প্রকল্প চালু হওয়া চাঁদপুরের জন্য একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়ের সূচনা করেছে।
জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশন, টোকিওর কারিগরি সহযোগিতায় নেওয়া এ উদ্যোগ সফল হলে একদিকে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, অন্যদিকে বিকল্প জ্বালানি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে। এতে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি পৌরসভার নিজস্ব যানবাহনে উৎপাদিত জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বর্জ্য থেকে সম্পদ তৈরির বৈশ্বিক ধারণা—বৃত্তাকার অর্থনীতির—একটি বাস্তব উদাহরণ হয়ে উঠতে পারে চাঁদপুর।
তবে শুধু প্রকল্পের উদ্বোধনই সাফল্যের নিশ্চয়তা নয়; বরং এর সঠিক পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি কার্যকারিতাই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি। অতীতে দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ, সার কিংবা জ্বালানি উৎপাদনের অনেক উদ্যোগ নানা সীমাবদ্ধতায় প্রত্যাশিত ফল দিতে পারেনি। চাঁদপুরের প্রকল্পটি যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না ঘটায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
এ জন্য প্রথমেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা জরুরি। পচনশীল ও অপচনশীল বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক, উৎসস্থলেই আলাদা করার ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি পৌরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতাকর্মীদের প্রশিক্ষণ এবং স্থানীয় কারিগরি জনবলকে দক্ষ করে তোলার উদ্যোগ নিতে হবে। জাপানি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয়ভাবে যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করতে হবে। উৎপাদিত জ্বালানির গুণগত মান, পরিবেশগত নিরাপত্তা এবং ব্যবহার বা বাজারজাতকরণের বিষয়েও সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।
আমরা মনে করি, চাঁদপুর পৌরসভার এ উদ্যোগ কেবল একটি প্রযুক্তিনির্ভর প্রকল্প হিসেবে সীমাবদ্ধ থাকা উচিত নয়; এটি হওয়া উচিত পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে সক্ষম নগর গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এই পরীক্ষামূলক প্রকল্প সফল হলে চাঁদপুর শুধু পরিচ্ছন্ন নগর হিসেবেই নয়, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও সারা দেশের জন্য অনন্য মডেল হয়ে উঠবে। তাই প্রকল্পটির ধারাবাহিকতা, স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক উদ্যোগ প্রত্যাশিত। চাঁদপুরের এই সম্ভাবনাময় যাত্রা সফল হোক, অন্য পৌরসভাগুলোও এখান থেকে অনুপ্রাণিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।






