প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৮
শ্রীমঙ্গলে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত, চালক ও হেলপার আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সুরমাভ্যালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বালুবাহী ডাম্প ট্রাকটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা-ও মারাত্মকভাবে জখম হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত মান্নানকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পৌরসভার সিন্দুরখান রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








