প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৯:৪৫
'বন্ধুকে কেন মারা হয়েছে' সেটা জানতে গিয়ে প্রাণ গেলো কিশোর ইয়াসিনের

চাঁদপুর শহরে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ইয়াসিন (১৪) নামের কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার (২ জুন ২০২৬) এ ঘটনা ঘটে।
চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় সংঘটিত এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জাম পাড়াকে কেন্দ্র করে মেহেদী হাসান (১৩) নামের এক কিশোরকে স্থানীয় প্রধানিয়া বাড়ির মুসা প্রধানিয়া (১৫) মারধর করে। বিষয়টি দেখতে পেয়ে মেহেদীর বন্ধু ইয়াসিন (১৪) ছুটে এসে তার বন্ধুকে কেন মারা হয়েছে সেটা জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে মুসা প্রধানিয়া তার হাতে থাকা বাঁশ দিয়ে ইয়াসিনকে আঘাত করে। সঙ্গে সঙ্গে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন ওই এলাকার রিকশাচালক ইলিয়াসের ছেলে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








