প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:৪৫
বাবুরহাট ধর বাড়িতে এক রাতে ৩টি চাপকল চুরি: আতঙ্কে এলাকাবাসী

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার দাসদীর ধর বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ১০ মে ২০২৬, রোববার গভীর রাতে ওই বাড়ির তিনটি চাপকল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরচক্র।
|আরো খবর
ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, সেই সুযোগে চোরের দল একে একে তিনটি চাপকলের ওপরের অংশ খুলে নিয়ে চম্পট দেয়। পরদিন ১১ মে, সোমবার ভোরে বাড়ির লোকজন দৈনন্দিন কাজে পানি সংগ্রহ করতে গিয়ে দেখেন তাদের নির্দিষ্ট স্থানে চাপকলগুলো নেই। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া কিংবা খাবার পানি সংগ্রহের সময় এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন গৃহস্থরা।
এই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিতোষ ধর, গৌরাঙ্গ ঘোষাল এবং চন্দন দাস-এর পরিবার। শুধু চাপকলই নয়, একই এলাকার রহিমা বেগমের বাড়ি থেকেও পুরনো সিলভারের হাঁড়ি-পাতিল চুরির খবর পাওয়া গেছে।
একই বাড়ি থেকে তিনটি চাপকল চুরির সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, প্রতিটি পরিবারেই পানির জন্য চাপকল একটি অপরিহার্য অনুষঙ্গ। এমন জনগুরুত্বপূর্ণ জিনিস চুরির ফলে জনমনে উৎকণ্ঠা বাড়ছে।
বাবুরহাট এলাকায় হঠাৎ করে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় সমাজ সচেতন ব্যক্তিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের ধারণা, মূলত নেশাগ্রস্ত ও বিপদগামী তরুণরাই এসব ছিঁচকে চুরির সাথে জড়িত। এসব চুরি করা মালামাল সাধারণত বিভিন্ন ভাঙ্গারি দোকানে বিক্রি করা হয় বলে তারা মনে করেন।
চুরির এই ধারাবাহিকতা বন্ধে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাবুরহাটবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন।
ডিসিকে /এমজেডএইচ








