প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:৫৭
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চাঁদপুর কোর্ট (কালীবাড়ী) রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ট্রেনের বগিতে আগুন লাগিয়ে দিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে চাঁদপুর শহরের কালীবাড়ী (কোর্ট) স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের পেছনের দিকের ২ নম্বর বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা প্রাণভয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।
তাৎক্ষণিকভাবে ট্রেনে দায়িত্বরত গার্ড ও রেলওয়ে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের (গ্যাস) সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে আগুন অন্যান্য বগিতে ছড়িয়ে পড়তে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বগির দুটি আসন সম্পূর্ণ পুড়ে গেছে।
ঘটনার পরপরই স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও, এটি নাশকতা কি না তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








