প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:২১
দপুরে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
আজকের মেধাবী শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড
— শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও যোগ্যতায় আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আজকের মেধাবী শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড। তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।
|আরো খবর
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর ক্লাবে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপুরে এই প্রথম দু উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা ও অনুকূল পরিবেশ পেলে তোমরাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমাদের প্রত্যাশা শুধু জিপিএ-৫ অর্জন নয়, তোমরা নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও যোগ্যতায় নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে যেসব শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের অবদান রয়েছে, তাঁদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, চাঁদপুর জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭৩ জন এবং হাইমচর উপজেলার ৬ জনসহ মোট ৭৯ জনকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ধর্মীয় চর্চার প্রতিও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।
বর্তমান সরকারের শিক্ষা কার্যক্রম প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, শিক্ষার্থীরা দেশ পরিবর্তনের অংশীদার হবে এবং সুন্দর চাঁদপুর বিনির্মাণে ভূমিকা রাখবে। চাঁদপুরকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে। ভূমিদখলদারদেরও চাঁদপুরে কোনো জায়গা হবে না।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক প্রফেসর আলমগীর হোসেন বাহার ও চান্দ্রা বাজার নূরিয়া মাদ্রাসার অধ্যক্ষ এ টি এম মোস্তফা হামিদী। কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বাদল বণিক।
শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করেন জিলানী চিশতী কলেজের রূপা রানী দাস, চান্দ্রা বাজার নূরিয়া পাইলট মাদ্রাসার সাবিহা আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের রিফা রাফিয়া লাবণ্য ও মো. জাহিদুল ইসলাম নিহাল এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের জাহিদ হোসেন।
আলোচনাশেষে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সদর ও হাইমচর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৭৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থী ও অভিভাবকরা এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।








