প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮
বাবুরহাটে কাঠের কারখানার চাল কেটে চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

চাঁদপুর শহরতলীর বাবুরহাট পশ্চিম বাজারে ‘মেসার্স হাই টিম্বার অ্যান্ড সন্স’ নামের একটি কাঠের কারখানায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার পর কারখানার চাল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এ সময় কাঠ প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি, সিসি ক্যামেরার মনিটর ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ।
বাবুরহাট পশ্চিম বাজারে অবস্থিত এই কারখানায় কাঠের পাল্লা ও চৌকাঠ তৈরি করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মো. মান্নান গাজী। তিনি গত ২০ বছর ধরে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত এবং ছয় বছর ধরে এখানে কারখানা পরিচালনা করছেন।
কারখানার স্বত্বাধিকারী মো. মান্নান গাজী জানান, পরিবারের সদস্যদের অসুস্থতা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ওই দিন কারখানার কার্যক্রম বন্ধ ছিলো। এই সুযোগে গভীর রাতে চোরের দল চাল কেটে ভেতরে ঢুকে সার্কুলার মেশিন, রামদা মেশিন, ড্রিল মেশিন ও রাউটারসহ কাঠের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যায়। এ ছাড়া ক্যাশ ভেঙে নগদ ৩৫ হাজার টাকা এবং সিসি ক্যামেরার মনিটরও চুরি করে তারা।
মান্নান গাজী আরও জানান, যাওয়ার সময় চোরেরা সিসি ক্যামেরার তার কেটে দেওয়ায় ঘটনার দৃশ্য ধারণ বা তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এমন ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসা চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এর আগেও পাশের একটি স-মিলে চুরির ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ঘটনায় তিনি চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে, বাবুরহাট পশ্চিম বাজারসহ আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাতে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির বলেন, “বিষয়টি পুলিশ দেখছে।”
অন্যদিকে, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, তিনি ঘটনাটি জেনেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের প্রত্যাশা করছেন।








