শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১

রান্না বন্ধে চরম ভোগান্তিতে ২২ হাজার গ্রাহক : হোটেল-রেস্তোরাঁয় বাড়তি চাপ

দু ঘণ্টার ঘোষণা দিয়ে দিনভর গ্যাসহীন চাঁদপুর

দু ঘণ্টার ঘোষণা দিয়ে দিনভর গ্যাসহীন চাঁদপুর
অনলাইন ডেস্ক

সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাত্র দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘোষণা দিয়েছিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কিন্তু সেই দুই ঘণ্টার ‘সাময়িক অসুবিধা’ গড়িয়েছে সারাদিনের গ্যাসহীনতায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চাঁদপুর জেলার প্রায় ২২ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে চাঁদপুর শহর ও আশপাশের এলাকার প্রায় ১৫ হাজার আবাসিক গ্রাহকের রান্নাবান্না ও দৈনন্দিন গৃহস্থালি কার্যক্রম কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।

দীর্ঘ সময় গ্যাস না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও গৃহিণীরা। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার তৈরি নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। অনেক পরিবারে চুলা না জ্বলায় রান্না বন্ধ থাকে। ফলে বাধ্য হয়ে কেউ হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে আনেন, আবার কেউ বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা, রাইস কুকার কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন। এতে সাধারণ মানুষের বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় চরম অস্বস্তি তৈরি হয়।

আবাসিক গ্রাহকদের পাশাপাশি গ্যাসনির্ভর হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোও বড় ধরনের সংকটে পড়ে। একদিকে গ্যাস সংকটে খাবার প্রস্তুত ব্যাহত হওয়া, অন্যদিকে বাসাবাড়িতে রান্না বন্ধ থাকায় হোটেলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়—এই দুই মিলে ব্যবসায়ীদের বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হয়।

এদিকে পূর্বঘোষিত দুই ঘণ্টা পার হওয়ার পরও গ্যাস না আসায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। কখন গ্যাস আসবে তা জানতে দিনভর সংবাদকর্মীদের কাছে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন অনেক ভুক্তভোগী।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে মূল সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে প্রকৌশলী ও কর্মীরা দিনভর কাজ করেন। এ সময় বিকল্প বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সচল রাখার চেষ্টা করা হলে বিভিন্ন স্থানে লিকেজ দেখা দেয়। একের পর এক লিকেজ মেরামত করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মো. মোবারক হোসেন মুঠোফোনে বলেন, “মূল লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিকল্প বাইপাস লাইনে গ্যাস সরবরাহের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানে একাধিক লিকেজ দেখা দেয়। প্রতিটি লিকেজ মেরামতে অন্তত তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। এটি বেশ জটিল কাজ হওয়ায় সময় বেশি লাগছে।”

তিনি আরও জানান, চাঁদপুর সদর, শাহরাস্তি ও মতলবসহ কোম্পানির নিয়ন্ত্রণাধীন এলাকার প্রায় ২২ হাজার গ্রাহক এ সমস্যায় পড়েছেন, যার মধ্যে চাঁদপুর শহরেই রয়েছেন প্রায় ১৫ হাজার গ্রাহক। অনাকাঙ্ক্ষিত এ দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, এ ধরনের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজের আগে সম্ভাব্য জটিলতা বিবেচনায় নিয়ে আরও জোরদার প্রস্তুতি নেওয়া উচিত ছিলো। ভবিষ্যতে কাজের আগে বাস্তবসম্মত সময়সূচি ঘোষণা, কার্যকর বিকল্প ব্যবস্থা রাখা এবং জরুরি পরিস্থিতিতে নিয়মিত হালনাগাদ তথ্য প্রচারের দাবি জানিয়েছেন শহরবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়