প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭
নদীভাঙন রোধ থেকে শিল্পায়ন এবং উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নেই বদলে যেতে পারে চাঁদপুরের ভাগ্যলিপি

চিকিৎসা, উচ্চশিক্ষা, কৃষি, যোগাযোগ ও শিল্পায়নে একের পর এক সম্ভাবনার দ্বার খুলছে চাঁদপুরে। মেঘনার ভাঙন থেকে শহর ও জনপদ রক্ষা, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, খাল পুনঃখনন এবং শিল্পাঞ্চল গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ জেলার অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে এসব পরিকল্পনার প্রকৃত সুফল পেতে হলে প্রয়োজন সময়মতো প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থের যথাযথ সুরক্ষা।
চাঁদপুরের উন্নয়ন ভাবনায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো বিদ্যমান জনপদ, ব্যবসা-বাণিজ্য, বসতবাড়ি ও মানুষের দীর্ঘদিনের অর্জিত সম্পদ সুরক্ষিত রাখা। বিশেষ করে মেঘনা নদীর অব্যাহত ভাঙন চাঁদপুরবাসীর জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের পুরানবাজার, নতুনবাজার এবং হাইমচর উপজেলাসহ নদীতীরবর্তী বিভিন্ন জনপদ প্রতিনিয়ত ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ছে। এ বাস্তবতায় চাঁদপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ১০ মার্চ ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, চাঁদপুর শহর সংরক্ষণের জন্য ৮১৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় মেঘনা নদীর তীরে ৩.২২৫ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০২৭ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি প্রায় ২৫ শতাংশ। জিওব্যাগ স্থাপন ও কংক্রিট ব্লক বসানোর মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ নিয়ে মাঝেমধ্যে অনিয়মের অভিযোগও উঠেছে।
প্রকল্পটি যথাযথভাবে সম্পন্ন হলে নদীভাঙনের কারণে মানুষের বাস্তুচ্যুতি, সম্পদহানি ও ব্যবসায়িক অনিশ্চয়তা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে নদীতীরের পরিকল্পিত ব্যবহার, হাঁটার পথ নির্মাণ এবং সবুজায়নের মাধ্যমে শহরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে।
*আধুনিক চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা**
চাঁদপুরের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের ১ এপ্রিল চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের ১০ জানুয়ারি ৫০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থী ভর্তির আসনসংখ্যা ৭৫-এ উন্নীত করা হয়।
তবে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম এতদিন নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। গত ১২ জুলাই ২০২৬ তারিখে ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর তীরে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়নের প্রথম ধাপের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
পাশাপাশি নার্সিং কলেজের মাধ্যমে প্রতিবছর ১০০ জন দক্ষ নার্স তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর সুনির্দিষ্ট সময়সূচি এখনো নিশ্চিত হয়নি। স্থানীয়দের প্রত্যাশা, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও পূর্ণাঙ্গ হাসপাতালের কার্যক্রম বাস্তবায়িত হলে চাঁদপুরসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে জটিল রোগের চিকিৎসার জন্য ঢাকায় কিংবা কুমিল্লায় যাওয়ার নির্ভরতা অনেকাংশে কমে আসবে।
**উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়**
শিক্ষা ও গবেষণার প্রসারে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ জেলার উন্নয়ন সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে। গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও কৃষিপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে চাঁদপুরে প্রস্তাবিত ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রয়োজনীয় দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনবল তৈরির পথ সুগম হবে। এর ফলে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্য জেলায় যাওয়ার প্রবণতা কমার পাশাপাশি স্থানীয়ভাবে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার সুযোগ সৃষ্টি হতে পারে।
**কৃষি ও অর্থনীতির প্রাণচাঞ্চল্যে খাল পুনঃখনন**
চাঁদপুরের কৃষি, মৎস্যসম্পদ ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে খাল পুনঃখনন কর্মসূচিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মে ২০২৬ তারিখে শাহরাস্তির উয়ারুক বাজারে খোর্দ্দ খাল এবং চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে 'বিশ্বখাল' পুনঃখননের কাজ উদ্বোধন করেন। এর বাইরে চাঁদপুর সদরের বিখ্যাত 'বিদ্যাবতী' খালসহ বিভিন্ন উপজেলায় খাল পুনঃখনন অব্যাহত রয়েছে।
খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, কৃষিজমিতে সেচসুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে কৃষিনির্ভর এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়নে এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
বাবুরহাট বিসিক শিল্পনগরীকে আধুনিকায়নের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও হালকা প্রকৌশল শিল্পের উপযোগী করে গড়ে তোলা গেলে স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে প্রয়োজন আধুনিক অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ।
**ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও সৌরবিদ্যুৎ : শিল্পায়নের নতুন সম্ভাবনা**
চাঁদপুরের অর্থনৈতিক রূপান্তরে প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল ও সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাইমচরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে ২৩ জুন ২০২৬ তারিখে। অন্যদিকে, প্রস্তাবিত ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে। তবে এসব প্রকল্পের জন্য স্থান এখনো চূড়ান্ত হয়নি।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পকারখানা স্থাপন, রপ্তানি আয় বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে চাঁদপুরের ভৌগোলিক অবস্থান, নৌযোগাযোগ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে জেলাটিকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।
তবে শিল্পায়নের নামে কৃষিজমি, নদী, জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা যাবে না। উন্নয়ন পরিকল্পনায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন, কৃষিজমির সুরক্ষা এবং স্থানীয় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
**চাঁদপুরের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের চিত্র**
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগের বাস্তবায়নকাল ও অগ্রগতির সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো—১. চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম : ১০ জানুয়ারি ২০১৯ থেকে চলমান। ২. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RIDP-CCB) : জুলাই ২০২১ থেকে জুন ২০২৮ পর্যন্ত। ৩. মতলব উত্তর সেচ প্রকল্প : এপ্রিল ২০২৩ থেকে জুন ২০২৭ পর্যন্ত। ৪. চাঁদপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প : জুন ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত। ৫. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণসংক্রান্ত গণবিজ্ঞপ্তি : ৫ মার্চ ২০২৬ প্রকাশিত। ৬. খাল পুনঃখনন কর্মসূচি (শাহরাস্তি ও সদর) : ১৬ মে ২০২৬ থেকে চলমান। ৭. মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো উন্নয়ন (প্রথম ধাপ) : ১২ জুলাই ২০২৬ উদ্বোধন। ৮. হাইমচরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল : ২৩ জুন ২০২৬ সম্ভাব্য স্থান পরিদর্শন; স্থান এখনো চূড়ান্ত হয়নি। ৯. প্রস্তাবিত ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্প : ২৭ অক্টোবর ২০২৬ সম্ভাব্য স্থান পরিদর্শন; স্থান এখনো চূড়ান্ত হয়নি। অতি সম্প্রতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী হাইমচরের ঈশানবালায় সরজমিনে পরিদর্শনে আসেন এবং আকাশপথে চাঁদপুর সদরের ইব্রাহিমপুর ইউনিয়নের চরাঞ্চল পর্যবেক্ষণ করে গেছেন।
**প্রকল্প গ্রহণ নয়, সময়মতো বাস্তবায়নই হোক উন্নয়নের মূল লক্ষ্য**
চাঁদপুরের উন্নয়নে এসব প্রকল্প নিঃসন্দেহে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু শুধু প্রকল্প ঘোষণা, স্থান পরিদর্শন কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই উন্নয়নের সাফল্য সীমাবদ্ধ থাকতে পারে না। প্রকল্পের বাস্তব অগ্রগতি, কাজের গুণগত মান, নির্ধারিত সময়সীমা এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিশেষ করে নদীভাঙন প্রতিরোধ প্রকল্পে নির্মাণকাজের মান ও তদারকি নিশ্চিত করতে হবে। মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নের প্রক্রিয়া গতিশীল করতে হবে। একইভাবে শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে পরিবেশগত ভারসাম্য এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে চাঁদপুর রোটারী ক্লাব ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত বলেন, _"একটি জেলার প্রকৃত উন্নয়ন কেবল নতুন প্রকল্প গ্রহণ বা উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যথাসময়ে মানসম্মত বাস্তবায়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় সুফল পৌঁছে দেওয়াই এর মূল সার্থকতা। নদীভাঙন রোধ, আধুনিক চিকিৎসা, উচ্চশিক্ষা ও শিল্পায়ন—প্রতিটি ক্ষেত্রেই চাঁদপুরের সামনে অপার সম্ভাবনা রয়েছে। স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।"_
**সমন্বিত উন্নয়নেই বদলাবে চাঁদপুরের ভবিষ্যৎ**
নদীমাতৃক চাঁদপুরের পরিচয় দীর্ঘদিন ধরে ইলিশ, কৃষি ও নদীকেন্দ্রিক অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকলেও সময়ের পরিবর্তনে জেলার সামনে আরও বিস্তৃত সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। নদীভাঙন প্রতিরোধ, আধুনিক চিকিৎসাসেবা, উচ্চশিক্ষা, কৃষির আধুনিকায়ন, শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং কর্মসংস্থান—প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পিত উন্নয়নের সুযোগ রয়েছে। এখন প্রয়োজন এসব উদ্যোগকে বিচ্ছিন্ন প্রকল্প হিসেবে না দেখে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসা। সেজন্যে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী, উদ্যোক্তা, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
চাঁদপুরকে শুধু ইলিশ ও কৃষির জেলা হিসেবে নয়, বরং শিক্ষা, চিকিৎসা, শিল্প, প্রযুক্তি ও বিনিয়োগের আধুনিক আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই হওয়া উচিত সময়ের দাবি। উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে চাঁদপুরের অর্থনীতি, জনজীবন ও অবকাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে। তখনই বাস্তব অর্থে সুপ্রসন্ন হবে চাঁদপুরবাসীর ভাগ্যলিপি।








