প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২০:৪০
শুক্রবার শুরু হচ্ছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।। উদ্বোধনী ম্যাচে লড়বে মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা

চাঁদপুর স্টেডিয়ামে শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) থেকে শুরু হচ্ছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিকেল পৌনে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার আটটি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম এবং সিভিল সার্জন ডা. নূর আলম দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো. একরামুল ছিদ্দিক।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে রয়েছে মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। অন্যদিকে ‘খ’ গ্রুপে রয়েছে শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।








