শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২২:২২

১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পা রাখলো দৈনিক ‘চাঁদপুর প্রতিদিন’

১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পা রাখলো দৈনিক ‘চাঁদপুর প্রতিদিন’
অনলাইন ডেস্ক

অসংখ্য পাঠক আর শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও আস্থার পথ পেরিয়ে ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে স্থানীয় দৈনিক ‘চাঁদপুর প্রতিদিন’। ২০১০ সালের এই দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোর মুখ দেখেছিল পত্রিকাটি। প্রকাশের পর থেকেই চাঁদপুরবাসীর পরম মমতা ও ভালোবাসায় সিক্ত হয়ে আসছে গণমাধ্যমটি।

দীর্ঘ ১৬ বছরের পথচলায় আধুনিক সংবাদপত্রের ভূমিকা পালনে পত্রিকাটি নিজের স্বকীয়তা বজায় রেখেছে। এর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রকাশনা কখনো কোনো কালো আঁচড়ে কলুষিত হয়নি। রাষ্ট্রীয়, স্থানীয় রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক নানা সমস্যা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছে ‘চাঁদপুর প্রতিদিন’। কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের বলয়ে বন্দি না থেকে সবসময় জনগণের পক্ষে কথা বলার অঙ্গীকারে অবিচল রয়েছে পত্রিকা পরিবার।

চাঁদপুরের সমস্যা ও সম্ভাবনাকে সুচারুভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে পাঠকের প্রত্যাশা পূরণের চেষ্টা করে আসছে পত্রিকাটি। অনেক জটিল সমস্যার সমাধানও এসেছে প্রকাশিত সংবাদের কল্যাণে। চাঁদপুরের ৮ উপজেলায় কর্মরত নিজস্ব প্রতিনিধি এবং প্রধান কার্যালয়ের সংবাদকর্মীদের অক্লান্ত পরিশ্রমে পত্রিকাটি আজ এই অবস্থানে পৌঁছেছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও সুধী সমাজের সার্বিক সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনা প্রকাশনা শিল্পকে সমৃদ্ধ করেছে।

তবে ১৬ বছরের এই যাত্রায় প্রাপ্তির খাতা সমৃদ্ধ হলেও বর্তমানে চরম আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে পত্রিকাটি। প্রকাশনার ব্যয়ভার বহন করা এখন অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে এবং নিরবচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে, দেশের মানুষের পক্ষে এবং ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই ক্রান্তিলগ্নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে পত্রিকার শুরু থেকে পাশে থাকা অসংখ্য পাঠক, শুভানুধ্যায়ী, জেলার সকল সাংবাদিক, চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, সহকর্মী, এজেন্ট এবং সংবাদপত্রসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং আগামী দিনেও তাদের এই ভালোবাসা ও শুভকামনা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়