শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪

সহকর্মীকে শেষ বিদায় জানাতে ছুটে এলেন সাবেক ও বর্তমান চার প্রশাসক

ডেঙ্গু কেড়ে নিলো পৌর কর্মচারী ফয়সাল শেখের প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো পৌর কর্মচারী ফয়সাল শেখের প্রাণ
শেখ আল মামুন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর পৌরসভার ভাণ্ডার রক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার আব্দুল লতিফ শেখ বাড়ির মৃত মোহাম্মদ শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে এবং সাত বছর বয়সী ছেলে একটি হিফজ মাদ্রাসায় অধ্যয়নরত। উল্লেখ্য, প্রায় তিন বছর আগে তার বাবা মারা যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদী শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাফরাবাদ মাদ্রাসার মোহতামিম খাজা আহমদুল্লাহ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফয়সাল শেখের জানাজায় চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করা সরকারের চার জ্যেষ্ঠ কর্মকর্তাই জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান। তাঁদের মধ্যে দুজন অন্যত্র বদলি হয়ে গেলেও মৃত্যুর খবর পেয়ে নিজ নিজ কর্মস্থল থেকে চাঁদপুরে ছুটে আসেন। তাঁরা হলেন—চাঁদপুর পৌরসভার সাবেক প্রশাসক ও বর্তমানে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া এবং বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন (সদ্য সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক, চঁদপুর)। অন্য দুজন হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক এবং বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরী। জানাজার আগে ফয়সালকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক প্রশাসক এরশাদ উদ্দিন ও একরামুল সিদ্দিক অশ্রুসিক্ত হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ফয়সাল শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই শহরের রেইনবো হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগ পর্যন্ত ফয়সাল শেখ পুরান বাজার সানরাইজ ক্লাবের সহ-সভাপতি, শৈশব ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সাধারণ সম্পাদক এবং শেখ বাড়ি জামে মসজিদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

জানাজার আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁদপুর পৌরসভার সাবেক প্রশাসক একরামুল সিদ্দিক ও মো. এরশাদ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি খোরশেদ আলম বাবুল, পৌরসভার সাবেক কমিশনার ফরিদ আহমেদ বেপারী, সাবেক কাউন্সিলর ও মরহুমের চাচা আ. মালেক শেখ, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, মরহুমের জেঠাতো ভাই মো. ইসমাইল শেখ প্রমুখ।

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়