বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৫১

চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে বেপজা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে বেপজা
ক্যাপসন চাঁদপুরে ইপিজেড ও সৌর বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন বেপজার প্রতিনিধি দল।

চাঁদপুরে প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের শুভ সূচনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সরজমিনে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই করেছে।

বেপজার নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি দু ধাপে স্থান পরিদর্শন করে : ইপিজেড প্রকল্প : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে প্রস্তাবিত স্থান। সৌরবিদ্যুৎ প্রকল্প : চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন এবং হাইমচর উপজেলায় নির্ধারিত স্থানসমূহ।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি মেগা প্রকল্পগুলোর উপযোগিতা, ভৌগোলিক অবস্থান এবং বাস্তবায়নের সার্বিক সম্ভাবনা নিবিড়ভাবে মূল্যায়ন করেন। এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, সদর এসিল্যান্ড প্রত্যয় হাশেমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত : চাঁদপুরের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নিরলসভাবে কাজ করছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হলে এ অঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জেলার অর্থনৈতিক চিত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সংসদ সদস্যের অনুসারী ও স্থানীয় নেতাদের মতে, এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের আশা, সব শঙ্কা কাটিয়ে চাঁদপুর খুব শীঘ্রই দেশের অন্যতম শীর্ষ শিল্প শহর হিসেবে আত্মপ্রকাশ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়