প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫০
চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লীগ
ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করে আবাহনীর বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে চাঁদপুর স্টেডিয়ামের ‘হোম ভেন্যু’তে বড় ধাক্কা খেলো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের গতি ও ধারালো আক্রমণের সামনে পাত্তাই পায়নি তারা।
|আরো খবর
শনিবার (৩ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আয়োজনে অনুষ্ঠিত একপেশে ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে আবাহনী লিমিটেড।
ম্যাচের শুরু থেকেই ছিলো আবাহনীর একচ্ছত্র আধিপত্য। কিক-অফের মাত্র ৩ মিনিটের মাথায় নাইজেরিয়ান ফরোয়ার্ড অকাচির চমৎকার হেডে এগিয়ে যায় আবাহনী (১-০)। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানি ফুটবলার মঈন আহমেদ (২-০)।
পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচের ১৪ মিনিটে জাহিদ হোসেন একটি দারুণ গোল করে দলকে খেলায় ফেরানোর ইঙ্গিত দেন (২-১)। তবে ওয়ান্ডারার্সের সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। ৩৪ মিনিটে আবাহনীর আক্রমণভাগ ডি-বক্সে ঢুকলে তাদের ফাউল করে বসে ওয়ান্ডারার্সের রক্ষণভাগ। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন আবাহনীর ফরোয়ার্ড। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আবাহনীর একের পর এক আক্রমণ থামাতে ব্যর্থ হয় ওয়ান্ডারার্স। ম্যাচের শেষ দিকে অকাচি নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন (৪-১)। এরপর অতিরিক্ত সময়ে মুনাফ আরও একটি গোল করলে ৫-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীল শিবির।
ডিসিকে /এমজেডএইচ








