রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ২২:৩০

জনপ্রিয়তা, ১৭ বছরের ভূমিকা ও জয়ের সক্ষমতা দেখেই প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি

----শাহজালাল মিশন

আব্দুল্লাহ আল মামুন।।
জনপ্রিয়তা, ১৭ বছরের ভূমিকা ও জয়ের সক্ষমতা দেখেই প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এলাকায় গ্রহণযোগ্যতা, গত ১৭ বছরে রাজনৈতিক ও সামাজিক ভূমিকা এবং নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর হোসেন খানকে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে পরিচিত করার লক্ষ্যে আয়োজিত আলোচনা ও দাওয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোহরের নামাজের পর অনুষ্ঠিত এই আয়োজনে সদর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাহজালাল মিশন বলেন, “যাঁরা এলাকায় জনপ্রিয় এবং গত ১৭ বছরের দুঃসময়ে মানুষের পাশে থেকে ভূমিকা রেখেছেন, স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বিষয়টিই অগ্রাধিকার পাবে। ভোটে জয়ী হয়ে আসার মতো ত্যাগী ও যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন বোর্ডের কাছে সুপারিশ করা হবে।”

তিনি আরও জানান, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নেই সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) পর্যালোচনা করে এবং আন্দোলনে ভূমিকা ও সামাজিক অবস্থান বিবেচনা করে চূড়ান্ত তালিকার প্রস্তাব দলীয় হাইকমান্ডের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে তৃণমূলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয়।

গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে

আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজালাল মিশন তরপুরচণ্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বজলুর রহমান কাজীবাড়ি সড়কের সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে পথটি এতোটাই সংকীর্ণ ছিলো, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে বা মরদেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে এর প্রশস্তকরণ ও সংস্কারকাজ চলছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সার্বিক সহযোগিতায় এই সড়কের কাঙ্ক্ষিত মানোন্নয়নে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

**নিজের প্রার্থিতা প্রসঙ্গে বক্তব্য**

উপজেলা পরিষদ নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে শাহজালাল মিশন বলেন, তিনি দীর্ঘ প্রায় চার দশক ধরে রাজনীতির মাঠের সাথে সক্রিয়ভাবে যুক্ত। চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর বর্তমানে তিনি সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলা-হামলা ও রাজপথের আন্দোলন-সংগ্রামের মুখোমুখি হয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের সাথে আমার সার্বক্ষণিক আত্মিক সম্পর্ক রয়েছে। বিএনপিকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করি। বড় দল হিসেবে এখানে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক, তবে সার্বিক বিবেচনায় দল আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে মূল্যায়িত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলমগীর হোসেন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়