প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৪৬
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ জুলাই ২০২৬) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দিক নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কেবিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১ টায় কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুব আনোয়ার বাবলুর আকস্মিক মৃত্যুতে চাঁদপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে রাত থেকেই দলীয় নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ হাসপাতালে এবং তাঁর বাসভবনে ভিড় জমান।
শোক প্রকাশ
চাঁদপুর জেলা বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, "মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ অভিভাবককে হারালো। জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে এবং দলের সংকটে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।" তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন।
ডিসিকে /এমজেডএইচ








