প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪
নারী ভোটারের উপস্থিতি বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনেই ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি হলেও পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা কম। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
|আরো খবর
চাঁদপুর-১ থেকে চাঁদপুর-৫—এই পাঁচটি আসনের শহর ও গ্রামাঞ্চলের বেশ ক'টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে চাঁদপুর সদর, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
চাঁদপুর সদর উপজেলার সবদার খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় গৃহিণী রোকসানা বেগমের সঙ্গে। তিনি বলেন,
ভোট দেওয়া আমাদের অধিকার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি সকালেই এসে ভোট দিতে। দেশের জন্যে নিজের সিদ্ধান্তটা জানাতে পেরে ভালো লাগছে।
একই কেন্দ্রে প্রথমবার ভোট দিতে আসা এক কলেজছাত্রী বলেন, আগে শুধু খবরেই নির্বাচন দেখেছি। আজ নিজে ভোট দিলাম—অনুভূতিটা আলাদা। আমরা তরুণরাও চাই ভালো নেতৃত্ব আসুক।
কচুয়া উপজেলার একটি কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা তুলনামূলক অনেক কম দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের জানান, অনেকেই কাজে বের হয়ে পড়েছেন, কেউ কেউ দুপুরের পর ভোট দিতে আসবেন বলে শুনেছি। তবে পরিবেশটা ভালো, কোনো ঝামেলা নেই।
কচুয়া উপজেলার একটি কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন,
সকালের দিকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারও আসছেন। এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।
চাঁদপুর-১ আসনের একটি গ্রামীণ কেন্দ্রে দেখা যায়, বয়স্ক পুরুষ ভোটারকে সহায়তা করতে স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসছেন। সত্তরোর্ধ্ব আবুল হোসেন বলেন, হাঁটতে কষ্ট হয়, তবু ভোট না দিয়ে থাকতে পারি না। ছেলেমেয়েরা নিয়ে এসে আমাকে ভোট দিতে সাহায্য করেছে।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও চোখে পড়েছে। পুলিশ ও আনসার সদস্যরা প্রবেশপথে তল্লাশি চালিয়ে ভোটারদের নিরাপদে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
চাঁদপুর-৩ আসনের একটি কেন্দ্রে কথা হয় তরুণ ভোটার সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আমরা চাই এলাকার উন্নয়ন হোক, কর্মসংস্থান বাড়ুক। ভোটের মাধ্যমেই আমাদের কথা বলার সুযোগ আছে।
এদিকে চাঁদপুর-৩ ও চাঁদপুর-১ আসনের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক নারী ভোটার পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।
স্থানীয়দের মতে, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার নারী ভোটারের অংশগ্রহণ বেশি চোখে পড়ছে। সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পরিবেশ থাকায় নারীরা আগ্রহ নিয়ে কেন্দ্রে আসছেন বলে মনে করছেন তারা।
সব মিলিয়ে চাঁদপুর জেলার পাঁচটি আসনেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া যায় নি। ভোটারদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির ভাব লক্ষ্য করা যাচ্ছে।








