প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২২:৩৪
কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকাসহ ৭ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি

কচুয়ায় বসতঘরের দরজার তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
|আরো খবর
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ৭নং দক্ষিণ কচুয়া ইউনিয়নের কাজকামতা গ্রামের বকাউল বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা লাগিয়ে অন্য ঘরে ঘুমাতে যান। পরদিন সকাল ৭টার দিকে আবুল কাশেমের মা দক্ষিণ ভিটির ঘরের দরজা খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে স্টিলের আলমারি খোলা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। চোরেরা ঘর থেকে নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ক্রোকারিজ সামগ্রী ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা।
ভুক্তভোগী আবুল কাশেম জানান, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৭টার মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে। সকালে তার মা ফোন করে বিষয়টি জানান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আবুল কাশেমের মা শাহানারা বেগম বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি ঘরের তালা ভাঙা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। গৃহবধূ কুলছুমা বেগম জানান, আট বছরের সংসারজীবনে আমাদের বাড়িতে তিনবার চুরির ঘটনা ঘটলো। এবার আমার ৩ ভরি স্বর্ণালংকার ও স্বামীর মোটরসাইকেল কেনার জন্য জমানো ৭০ হাজার টাকা নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







