মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:৪১

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

হাজীগঞ্জকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে মতলব উত্তর

চৌধুরী ইয়াসিন ইকরাম
হাজীগঞ্জকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে মতলব উত্তর
২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা মতলব উত্তর উপজেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

চাঁদপুর স্টেডিয়ামে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের শেষ ও উত্তেজনাপূর্ণ ম্যাচে হাজীগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে মতলব উত্তর।

ম্যাচের শুরু থেকেই দু দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখে। নির্ধারিত সময়ে উভয় দলই সমানে সমান লড়াই করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। মতলব উত্তর ও হাজীগঞ্জের ফরোয়ার্ডরা বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকে।

এদিকে, খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে বল দখলের লড়াইয়ে (হেড করতে গিয়ে) ঘাড়ে মারাত্মক আঘাত পান হাজীগঞ্জ দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শ্যুটআউটে উভয় দল পাঁচটি করে শট নিলেও বেশ কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মতলব উত্তর। দলের পক্ষে গোল তিনটি করেন ওমর সানি, নূরে আলম ও রাসেল। হাজীগঞ্জের পক্ষে দুটি গোল পরিশোধ করেন নাজমুল ও ওমর ফারুক।

ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

আগামী দিনের খেলা :

আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে চাঁদপুর সদর উপজেলার মোকাবিলা করবে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়