মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:২৭

রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে স্মার্ট একাডেমির ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগে ওমর হাসান হিমেল (৩২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওমর হাসান হিমেল রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আসলাম খলিফা বাড়ির মৃত হাছান মিয়ার ছেলে। গত দু বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন।

মামলার এজাহার ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৩টার দিকে একাডেমি প্রাঙ্গণে এক সহপাঠীর সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলো ওই শিক্ষার্থী। এ সময় শিক্ষক ওমর হাসান হিমেল তাকে দোতলার একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার মা-বাবাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তাদের সহায়তায় রাতেই অভিযুক্ত হিমেলকে আটক করা হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু জানান, সোমবার সকালে একাডেমির সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিক্ষক ওমর হাসান হিমেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আস শামস বলেন, "ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগী শিশুর মা-বাবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।"

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও হতাশাজনক। বিষয়টি জানার পর আমরা স্মার্ট একাডেমির প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে রাতেই ওমর হাসান হিমেল নামের ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়