প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২৩:২০
রাতে বাগানের বেড়ায় আগুন, সকালে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ!

ফরিদগঞ্জে রাতের আঁধারে সৃজনকৃত ফলদ বাগানের বেড়ায় আগুন দেওয়ার পর সকালে ওই সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা (১৪৫ ধারা) জারির নোটিশ পেয়েছে ভুক্তভোগী পরিবার। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ফরিদগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
|আরো খবর
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কেরোয়া গ্রামের শহীদ কোম্পানী বাড়ির প্রবাসী দুই ভাই রুবেল ও হুমায়ুন তাদের এক চাচার কাছ থেকে জমি ক্রয় করে দখল বুঝে নেন। পরবর্তীতে তারা সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করে একটি বাগান গড়ে তোলেন এবং চারপাশে বেড়া দেন। তবে তাদের অপর চাচা তাফাজ্জল হোসেন ওই জমিতে নিজের অংশ রয়েছে দাবি করে শুরু থেকেই বাধা দিয়ে আসছিলেন এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিলো।
প্রবাসী দু ভাইয়ের মা নাছরিন বেগম জানান, রোববার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে তিনি বাগানের বেড়ায় আগুন জ্বলতে দেখেন। এ সময় তাফাজ্জল হোসেন ও তার ছেলেদেরসহ কয়েকজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেন বলে তিনি দাবি করেন। পরে তার চিৎকারে প্রবাস থেকে ছুটিতে আসা দুই ছেলে হুমায়ুন ও রুবেলসহ বাড়ির অন্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাগানের অধিকাংশ বেড়া পুড়ে ছাই হয়ে যায় এবং বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের পরদিন সোমবার সকালেই ওই জমিতে তাফাজ্জল হোসেনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের ১৪৫ ধারা জারির নোটিশ ভুক্তভোগী পরিবারকে পৌঁছে দেয় থানা পুলিশ।
ভুক্তভোগী প্রবাসী রুবেল ও হুমায়ুন অভিযোগ করে বলেন, “এটি একটি পরিকল্পিত ঘটনা। আমাদের চাচা একদিকে আদালতে মামলা করেছেন, অন্যদিকে জমি জবরদখলের ষড়যন্ত্র হিসেবে রাতের আঁধারে বাগানের বেড়ায় আগুন দিয়েছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।” এ ঘটনায় সোমবার বিকেলে তাদের মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি আদালতের নির্দেশনা অনুযায়ী ওই সম্পত্তিতে ১৪৫ ধারার নোটিশ জারির বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং একাধিকবার চেষ্টা করেও তিনি মুঠোফোনে কল রিসিভ করেননি। তবে তার পরিবারের সদস্যরা জমির মালিকানা নিয়ে আপত্তি ও আদালতে মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।







